স্কোর বলছে ৪-১, তবুও হারবে বায়ার্ন?

৪-১ গোলে জিতেছে বায়ার্নছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রাইবুর্গের বিপক্ষে বায়ার্নের ৪-১ গোলের দুর্দান্ত জয়টাই না বাতিল হয়ে যায়!

ম্যাচের ৮৪ মিনিট চলছে তখন। লেওন গোরেৎস্কা, সার্জ নাব্রি, কিংসলে কোমানের গোলের সুবাদে বায়ার্ন মিউনিখ ৩-১ স্কোরে এগিয়ে। ৮৪ মিনিটে কোমানের জায়গায় অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিৎসারকে নামানোর সিদ্ধান্ত নিলেন কোচ ইউলিয়ান নাগলসমান। কিন্তু সাবিৎসারকে নামানোর সময় কোচ বুঝলেন, ফরাসি মিডফিল্ডার করেনতাঁ তোলিসো পেটের পীড়ায় আক্রান্ত, যে তোলিসো নিজেই মিনিট বিশেক আগে গোরেৎস্কার জায়গায় মাঠে নেমেছিলেন।

সুলা কে মাঠে নামানোর সময়েই বিপত্তি
ছবি : টুইটার

পেটে হাত দিয়ে তোলিসো ছুটলেন ড্রেসিংরুমে, তাঁর জায়গায় জার্মান ডিফেন্ডার নিকলাস সুলাকে মাঠে নামালেন সুলা।

কিন্তু সুলা বা সাবিৎসার কেউই বোঝেননি, তোলিসো মাঠ ছাড়লেও কোমান তখনো মাঠেই ছিলেন। ফলে দেখা গেল, ১১ জন নয়, বরং ১২ জন নিয়ে খেলছে বায়ার্ন! সেকেন্ড বিশেক এভাবেই চলল। ব্যাপারটা নজরে এল ফ্রাইবুর্গের ডিফেন্ডার নিকো শ্লোটারবেকের। জানালেন রেফারিকে, ভিএআরের সাহায্য নিয়ে রেফারি দেখলেন ঘটনা আসলেই সত্যি! ব্যস, কোমান তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে গেলেন।

যতই বের হয়ে যান না কেন, ম্যাচের একটা নির্দিষ্ট সময় বায়ার্ন তো অতিরিক্ত একজন নিয়ে খেলেছে। সেটাই কাল হতে পারে জার্মান চ্যাম্পিয়নদের জন্য। কোনো অবস্থায় মাঠে যদি ১২ জন থাকে, তাহলে সেই দলের জয় কেড়ে নেওয়া হয়, তিন পয়েন্ট কমিয়ে দেওয়া হয়। সেটাই হয়তো ঘটতে চলেছে বায়ার্নের ব্যাপারে!

শ্লোটারবেক নিজেই বিদঘুটে ব্যাপারটা বর্ণনা করেছেন স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে, ‘নিকি সুলা মাঠে ঢুকল, কিন্তু দেখলাম, ওর বদলে কেউ মাঠ ছাড়ল না। এরপর খেলা আবারও শুরু হয়ে গেল। আমি খেলোয়াড় গুণে দেখলাম একজন বেশি আছে। এরপর রেফারিকে জানালাম। আমি না জানালে মনে হয় না রেফারি বুঝতে পারতেন।’

কোমান নিজেও গোল করেছেন
ছবি : রয়টার্স

ভুলটা যখন ধরা পড়ল, খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। রেফারি যদিও পরে বাড়তি আট মিনিট খেলিয়েছেন দুই দলকে। যোগ করা সময়ের ছয় মিনিটে বায়ার্নের হয়ে চতুর্থ গোল করেন কোমানের জায়গায় নামা সেই সাবিৎসার। সব মিলিয়ে বায়ার্ন জিতেছে ৪-১ গোলে, এখন এই জয় আদৌ কাজে লাগে কি না, দেখা যাক!

কিন্তু এমন ভুল কেন হলো, সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন বায়ার্নের কোচ নাগলসমান, ‘চতুর্থ সহকারী রেফারি বিকল্প খেলোয়াড় মাঠে নামানোর সময় ভুল নাম্বার দেখিয়েছিলেন। কোমানের নাম্বার ১১ দেখানোর কথা ছিল, সেখানে উনি দেখিয়েছেন ২৯। যে স্কোয়াড নাম্বার আমাদের কারোর নেই। যে কারণে কোমান বোঝেনি, ওকে উঠে যেতে হবে। ভুল হয়েই থাকে। খুবই বিদঘুটে একটা ঘটনা ছিল এটা। আমি এমনটা দেখিনি আগে। রেফারি পরে অনেকক্ষণ ধরে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তবে এটার জন্য খেলার ফলাফলে কোনো প্রভাব পড়েনি। ফ্রাইবুর্গ কি এখন এটার জন্য আবেদন করবে? এখন আমাদের ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে।’

খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল
ছবি : টুইটার

ওদিকে ফ্রাইবুর্গের কোচ ক্রিস্টিয়ান স্ত্রেইখ নিশ্চিত, তাঁদের আবেদন করতে হবে না। সঠিক নিয়ম অনুসরণ করেই তাঁদের তিন পয়েন্ট দিয়ে পুরস্কৃত করা হবে, ‘আশা করছি, এটা নিয়ে আমাদের আলাদা করে আবেদন করতে হবে না। আমরা নিয়ম মেনে চলব এবং এ ব্যাপারে আমি এতটুকুই বলতে রাজি আছি।’

তবে তিন পয়েন্ট কেটে নিলেও যে বায়ার্নের খুব বেশি ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা অমন নয়। পয়েন্ট কাটা হলেও দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে থাকবে বায়ার্ন। ২৮ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৬, ডর্টমুন্ডের ৫৭। কাল রাতে ঘরের মাঠে লাইপজিগের কাছে ঠিক ৪-১ ব্যবধানেই হেরেছে ডর্টমুন্ড!