‘যেদিন ও সরাসরি প্রতিদ্বন্দ্বী একটা ক্লাবে চলে গেল, ভালোবাসার গল্পগুলো সেদিনই শেষ হয়ে গেছে।’
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে নিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বরে কথাগুলো বলেছিলেন হোসে মরিনহো। মাত্রই চেলসি ছেড়ে যাওয়া ল্যাম্পার্ড তখন নিউইয়র্ক সিটি থেকে ধারে খেলতে এসেছেন ম্যানচেস্টার সিটিতে। নাটকীয়ভাবে ইংলিশ মিডফিল্ডারেরই শেষ মুহূর্তের গোলে ড্র করে সিটি, ম্যাচের পর তাঁর সঙ্গে চেলসির সম্পর্ক বোঝাতে কথাগুলো বলেছিলেন সে সময়ের চেলসি কোচ মরিনহো।
তা এবার কী বলবেন পর্তুগিজ কোচ? আজ যে চেলসির প্রতিপক্ষ হয়ে আসছেন তিনি নিজেই, সেটিও লন্ডনের ক্লাবটির লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে!
স্টামফোর্ড ব্রিজে তিনি প্রতিপক্ষ হয়ে ছয় বছর আগেও এসেছিলেন, চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে নিয়ে। শেষ ষোলোতে চেলসিকে বিদায় করে দেওয়ার পরও সেবার মরিনহোর নামে গান বাঁধেন চেলসি সমর্থকেরা। কিন্তু ইন্টার আর ইউনাইটেড কি এক! আজ মরিনহো কেমন অভিবাদন পাবেন চেলসির মাঠে, ম্যাচের আগে আলোচনায় তাই সেটিই।
যদিও মরিনহোর চোখে সম্পর্কটা এখনো ভালোবাসারই, ‘অনেক কোচই কোনো ক্লাব ছেড়ে গেলে পেছনের সব বাজে স্মৃতি ভুলে যায়। আমিও শুধু ভালো দিকগুলোই মনে রেখেছি। ফলের বিচারে চেলসিতে কত ভালো সময় কেটেছে আমার! বন্ধু পেয়েছি অনেক, আর পেয়েছি আজীবন সহমর্মিতার সম্পর্ক গড়া কিছু সমর্থকও।’
চেলসির বর্তমান কোচ আন্তোনিও কন্তেও ম্যাচের আগে তেমন সহমর্মিতাই দেখার অপেক্ষায়, ‘তাঁকে আমি অনেক সম্মান করি। তিনটি লিগ শিরোপা জিতিয়েছেন চেলসিকে, ক্লাবের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণও। এই ক্লাবটিতে, এই খেলোয়াড়দের নিয়ে, কর্মকর্তাদের নিয়ে তিনি যে গল্প লিখেছেন, তাতে আমার মনে হয় অনেক ভালো অভিবাদনই ওর পাওনা।’
গত ডিসেম্বরে বাজে পারফরম্যান্সের দায় নিয়ে চেলসি থেকে বিদায় নেন মরিনহো। এই মৌসুমেই এসে কন্তে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন লন্ডনের ক্লাবটিকে, আজ ম্যাচের আগে মরিনহোর ইউনাইটেডের চেয়ে পয়েন্টও দুটি বেশি (১৬ পয়েন্ট)। তবে আজ মরিনহোর প্রত্যাবর্তনকে নিশ্চয়ই বিষিয়ে দিতে চাইবেন। কন্তেরও চাওয়া, মরিনহো-বরণটা শুধু ম্যাচের আগে-পরেই থাকুক, ‘রেফারির বাঁশির পর, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের মতো তিনিও একজন শত্রু। অবশ্যই (শত্রু) খেলোয়াড়ি দিক থেকে।’
মরিনহো-কন্তে মুখোমুখি লড়াইয়ের আগেই প্রিমিয়ার লিগে পরীক্ষা পেপ গার্দিওলারও। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সাউদাম্পটন এবার নতুন কোচ ক্লদ পুয়েলের অধীনে খেলছে দুর্দান্ত। লিগে ‘সেইন্ট’রা আছে আটে। বুধবার চ্যাম্পিয়নস লিগে সাবেক ক্লাব বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার ক্ষত নিয়ে নামতে যাওয়া গার্দিওলার দলের জন্য আজও চ্যালেঞ্জটা তাই সহজ হচ্ছে না।
স্প্যানিশ লিগে আজ নামছে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকো। দুই দলেরই পয়েন্ট ১৮, রিয়াল গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে। আজকের ম্যাচটিও কঠিন তাঁদের জন্য। জিনেদিন জিদানের রিয়াল খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে, আর সিমিওনের অ্যাটলেটিকো যাবে সেভিয়ার মাঠে। এএফপি।