এইবার সমর্থকেরা এইবার নিশ্চয় খুবই রোমাঞ্চিত। কিন্তু বাক্যে দুবার এইবার কেন? আসলে লা লিগার ক্লাবটির নামই যে এইবার! লিগে নবাগত ক্লাবটির সমর্থকদের অবশ্য রোমাঞ্চিত হওয়ারই কথা। সামনের শনিবার প্রথমবারের মতো ন্যু ক্যাম্পের গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য গলা ফাটাতে পারবেন তাঁরা। অনেকে নিশ্চয়ই পরিকল্পনা করে রেখেছিলেন, মাঠে দলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ব্যানারে অনেক কিছু লিখে নিয়ে যাবেন! কিন্তু সেসব আশায় গুড়ে বালি। ন্যু ক্যাম্পের নিরাপত্তার বাড়াবাড়িতে সব আয়োজনই পণ্ড হতে বসেছে! মাঠে এটা আনা যাবে না, ওটা আনা যাবে...স্টেডিয়াম তো নয়, যেন জেলখানা। এমনকি যাঁরা বার্সেলোনা সমর্থকদের গ্যালারিতে বসবেন, তাঁরা এমন কিছু পরতে পারবেন না, যেটা দেখে বোঝা যায় তাঁরা এইবার সমর্থক! টুইটারে এইবারের সমর্থকেরা তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিন্তু তাতে কি আদৌ লাভ হবে? মার্কা।