স্টেডিয়াম যেন জনসমুদ্র

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে দর্শক উপস্থিতি চমকে দিয়েছে অনেককে। মুগ্ধ করেছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। বেসবল-বাস্কেটবলের দেশটি ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করে গড়েছিল বিশ্বকাপে গড়ে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড। পরশু মিশিগান স্টেডিয়াম গড়েছে যুক্তরাষ্ট্রে কোনো ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের নতুন রেকর্ডও। তবে ফুটবল মাঠে দর্শক উপস্থিতিতে এখনো সেরা ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামই। ১৯৫০ বিশ্বকাপের সেই বিখ্যাত ব্রাজিল-উরুগুয়ে ফাইনাল দেখতে মারাকানায় উপস্থিতি ছিলেন ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন দর্শক। এটা টিকিট বিক্রির সংখ্যা অনুযায়ী আনুষ্ঠানিক হিসাব। বেশির ভাগ অনানুষ্ঠানিক হিসাব বলে, সেদিন আসলে মারাকানায় উপস্থিত ছিলেন ২ লাখ ১০ হাজারেরও বেশি দর্শক!
সংস্কার ও পুনর্নির্মাণের পর মারাকানার ধারণক্ষমতা এখন কমে প্রায় ৭৫ হাজারের কাছাকাছি। তবে পুরোনো মারাকানা এমন লাখো দর্শকে ঠাসা অনেক ম্যাচেরই সাক্ষী। ১৯৫০ বিশ্বকাপেই ব্রাজিল-স্পেন ও ব্রাজিল-সুইডেন ম্যাচ দুটিতে দর্শক হয়েছিল প্রায় দেড় লাখ করে। ১৯৫৪ সালে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের একটা প্রীতি ম্যাচেও দর্শক ছিল ১ লাখ ৮০ হাজারের বেশি। মারাকানার মতোই ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ ট্র্যাজেডির সাক্ষী বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়াম। সংস্কারের আগে এটিরও ধারণক্ষমতা ছিল অনেক বেশি। এই তো ১৯৯৭ সালে ক্রুজেইরো ও ভিলা নোভার মধ্যে প্রাদেশিক লিগের ফাইনালে এ স্টেডিয়ামে দর্শক হয়েছিল প্রায় ১ লাখ ৩২ হাজার। গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক, যেখানে এবার কমনওয়েলথ গেমসের অনেকগুলো ইভেন্ট হচ্ছে, ওই স্টেডিয়ামটিও দর্শকে ঠাসা এক দুর্দান্ত ফুটবল ম্যাচের সাক্ষী। ১৯৩৭ সালে একটি ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে এ মাঠে দর্শক হয়েছিল প্রায় দেড় লাখ। ১৯৯৭ সালে বিশ্বকাপের বাছাইপর্বে ইরান-অস্ট্রেলিয়া ম্যাচটা দেখতে তেহরানের আজাদি স্টেডিয়ামে উপস্থিত ছিল ১ লাখ ২৮ হাজার দর্শক। ধারণক্ষমতার দিক থেকে এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়াম (প্রথম উত্তর কোরিয়ার রুংগ্রাদো মে ডে স্টেডিয়াম)। আনুষ্ঠানিক হিসাবে ১৯৯৭ সালে একটি ইস্ট বেঙ্গল-মোহনবাগান ম্যাচে এ মাঠ দর্শক দেখেছিল ১ লাখ ৩১ হাজার। ইএসপিএন, গোলডটকম।