স্টেডিয়ামের রং বদলে জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালি রঙে রাঙানো ইউয়েজিউসান স্টেডিয়াম। ঘরের মাঠের রং পাল্টে সফলতার মুখ দেখেছে গুয়াংজু আর অ্যান্ড এফ। সূত্র: এএফপি
সোনালি রঙে রাঙানো ইউয়েজিউসান স্টেডিয়াম। ঘরের মাঠের রং পাল্টে সফলতার মুখ দেখেছে গুয়াংজু আর অ্যান্ড এফ। সূত্র: এএফপি

চার মাসে ঘরের মাঠে মাত্র একটি জয়ের মুখ দেখেছিল গুয়াংজু আর অ্যান্ড এফ। চায়নিজ সুপার লিগের এই ক্লাবের কর্তারা ভেবে পাচ্ছিলেন না কীভাবে মুক্তি মিলবে এই জয়খরা থেকে! শেষে এক ‘কুসংস্কার’ই কিনা দলটিকে জয় এনে দিল!
জয়ের মন্দা সময়ের চীনের একটি প্রাচীন সংস্কারেই আশ্রয় খুঁজতে চাইলেন গুয়াংজু-কর্তারা। সিদ্ধান্ত নিলেন, নিজেদের স্টেডিয়ামটিকে সোনার রঙে রাঙালে হয়তো জয়খরা থেকে মুক্তি মিললেও মিলতে পারে। গত মাসে নিজেদের ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে ফলটা হাতেহাতেই পেয়েছে তারা। ঘরের মাঠে গুয়াংজু তুলে নিয়েছে জয়!
চীনে এমনিতেই অনেক কুসংস্কার প্রচলিত। এর একটি হচ্ছে ‘ফেং সুই’। চীনের পাশাপাশি এশিয়ার নানা দেশে এটা প্রচলিত। সাধারণত ঘর সাজানোর সময়ই এই ‘ফেং সুই’ অনুসরণ করা হয়। চীনারা বিশ্বাস করে, তাদের মনের ভেতর যা ঘটছে, তার প্রতিফলন হলো নিজেদের ঘর। ব্যক্তির ভাবনা কিংবা তার লক্ষ্যের সঙ্গে মিল রেখে ঘর সাজানোই এই ‘ফেং সুই’ দর্শন।
গুয়াংজু আরএনএফের মাঠটিকে সোনার রঙে রাঙানো সেই ফেং সুই দর্শন থেকেই। এই ক্লাবের জার্সির রং নীল। সে কারণে এত দিন ক্লাবের স্টেডিয়ামটি ছিল নীল রঙে রঙিন। কিন্তু জয়খরা কাটাতে গত জুলাইয়ে ২০ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামের ঐতিহ্যবাহী নীল রং পাল্টে ফেলে গুয়াংজু। সোনার রং দিয়ে ফলটা শেষ পর্যন্ত ভালোই পেয়েছে তারা।
গতকাল চায়নিজ সুপার লিগের ম্যাচে ফ্যাবিও ক্যাপেলোর জিয়াংসু সানিংকে ৪-২ গোলে হারিয়ে দ্রাগান স্টইকোভিচের দল উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে। ঘরের মাঠে শেষ চার জয়ে দলটির গোলসংখ্যা ১৮!
স্টইকোভিচ সাবেক যুগোস্লাভিয়া ও সার্বিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। এক সময় ইউরোপ কাঁপানো দল রেড স্টার বেলগ্রেডের অধিনায়কও ছিলেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। দলের ভাগ্য পরিবর্তনের নেপথ্যে এ কোচের যুক্তি, ‘স্টেডিয়ামের রং পাল্টে ফেলার পর আমরা পাঁচ জয়ের পাশাপাশি প্রচুর গোলও পেয়েছি। সমর্থকেরা এটাই দেখতে চায়—সুন্দর আক্রমণাত্মক ফুটবল। স্টেডিয়ামের সোনালি রং দেখতে ভালোই লাগে। এটা পাল্টানোর কোনো দরকার নেই।’ সূত্র এএফপি