স্ট্রাইকারের ভূমিকায় আর থাকবেন না মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবিষ্যতে ‘গোলের সুযোগ তৈরি’র ভূমিকায় দেখা যেতে পারে মেসিকে।  ছবি: এএফপি
ভবিষ্যতে ‘গোলের সুযোগ তৈরি’র ভূমিকায় দেখা যেতে পারে মেসিকে। ছবি: এএফপি

বার্সেলোনার হয়ে স্ট্রাইকিং জোনে কত ভূমিকাতেই না খেললেন। ফলস নাইন, উইং, উইথড্রয়াল ফরোয়ার্ড—এমন কত কিছু! যে জায়গাতেই খেলুন না কেন, তাঁর দলের গোলের ভাগ্য নির্ভর করেছে তাঁর কারিশমা ওপরই। ড্রিবলিং করে, দূরপাল্লার শট নিয়ে, ফ্রি-কিক থেকে, কতভাবেই না মেসি গোল উপহার দিয়েছেন বার্সেলোনাকে। কিন্তু এই মেসিকেই যদি ভবিষ্যতে মাঝমাঠের মধ্যমণি ভূমিকায় দেখা যায়, তাহলে কিন্তু মোটেও অবাক হবেন না। আজ রাতে উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মেসি নিজেও এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ভবিষ্যতে তিনি মাঝমাঠের খেলোয়াড় হয়ে গেলেও কেউ যেন অবাক না হয়।
একটি ফুটবল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, দলের প্রয়োজনে আমি যেকোনো জায়গাতেই খেলতে রাজি আছি। অনেক ফুটবলারই ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ভিন্ন পজিশনে খেলে থাকে। আমিও ভবিষ্যতে একেবারে মাঝমাঠের খেলোয়াড় হয়ে যেতে পারি।’
নিজের এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন মেসি, ‘অতীতে আমি মধ্যমাঠে খেলেছি। ডিপ ফরোয়ার্ড হিসাবে খেলতে কোনো অসুবিধা নেই আমার। অনেক ফুটবলার আছে যারা পজিশন পাল্টে খেলেছে। হয়তো সব সময় পুরো গতিতে দৌড়াব না। কিন্তু দলকে তো সাহায্য করতে পারব।’
কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সি গায়ে মধ্যমাঠে একটু নিচের দিকে নেমেই খেলেছিলেন। সফলও হয়েছিলেন। প্রতিটি ম্যাচেই শুরুটা করেছিলেন ফরোয়ার্ড লাইনে। পরে নিচে নেমে অন্য ফরোয়ার্ডদের জন্য বল বাড়িয়েছেন দেদার। কোপার পারফরম্যান্স দেখেই নাকি এই মৌসুমে বার্সেলোনা কোচ লুইস এনরিকে মেসিকে ঠিক ওই জায়গাটাতেই চাচ্ছেন। দলে জাভির অনুপস্থিতিও মেসির নিচের নেমে আসার সম্ভাবনা জোরালো করেছে। সূত্র: আইএএনএস।