স্টয়চকভের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সেদিনই শূকরছানার গায়ে রিয়াল মাদ্রিদের জার্সি চাপিয়ে খেপিয়ে তুলেছেন মাদ্রিদিস্তাদের। বুলগেরিয়ান ফুটবল কিংবদন্তি রিস্টো স্টয়চকভ যখন বার্সেলোনায় খেলতেন, তখন থেকেই প্রচণ্ড মাদ্রিদবিরোধী। মেজাজি এই সাবেক ফুটবলার মাঠে অনেক কাণ্ডকীর্তিই করেছেন। কিন্তু জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কোর কাছে ফুটবলার স্টয়চকভের কীর্তিটাই মূল্যবান। বিশ্বক্রীড়ায় অবদানের জন্য বুলগেরিয়ার ‘দাগা’কে গত বুধবার চ্যাম্পিয়ন ফর স্পোর্ট খেতাবে সম্মানিত করল ইউনেসকো। পুরস্কারটি তাঁর হাতে তুলে দিলেন তাঁরই স্বদেশি ইউনেসকোর মহাসচিব ইরিনা বুকোভা। স্টয়চকভের আগে এই পুরস্কার পেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে, ইউক্রেনের দুই বক্সিং চ্যাম্পিয়ন ভিতালি ও ভ্লাদিমির ক্লিচকো এবং জার্মান ফর্মুলা-১ কিংবদন্তি মাইকেল শুমাখার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বুকোভা প্রশংসায় ভাসিয়েছেন স্টয়চকভকে, ‘ফুটবলের মাধ্যমে বিশ্বে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা ও সমতার বাণী ছড়িয়ে দিয়ে বর্ণবাদ ও বৈষম্যবিরোধী চেতনাকে তিনি ঊর্ধ্বে তুলে ধরেছেন।’ আইএএনএস।