রিয়াল ১: ১ জুভেন্টাস: দুই লেগ মিলিয়ে ৩–২ ব্যবধানে জিতে ফাইনালে জুভেন্টাস
স্তব্ধ বার্নাব্যুতে জুভদের উল্লাস

কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড় পায়ে বল নিয়ে মধ্যরেখা পেরোলেই ৮০ হাজারের জনসমুদ্র গর্জে উঠতে থাকল। ২৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি জিয়ানলুইজি বুফনের ডান পাশ দিয়ে ঢুকে জাল কাঁপিয়ে দিতেই যেন ‘সুনামি’ বয়ে গেল। ১-০ গোলে এগিয়ে রিয়াল, প্রথম লেগটা জুভেন্টাসের কাছে ২-১-এ হেরে এলেও এই গোলটাই যে ফাইনালে তুলে দিতে যথেষ্ট।
মেসির সমান ৭৭তম চ্যাম্পিয়নস লিগের গোলটি করে রোনালদো তখন ‘হারকিউলিস’—বেরিয়ে এল তাঁর স্বভাবসুলভ উদ্যাপন। গোটা বার্নাব্যু হাসছে, উল্লাস করছে। কিন্তু ফুটবল যে রহস্যের একটা ঘোমটা মুড়ি দিয়ে থাকে সর্বদাই। বিপদটা লুকিয়ে ছিল মাত্রই ৩৪ মিনিট দূরে। সেই বিপদ এল নিজেদের সাবেক স্ট্রাইকার আলভারো মোরাতার পা থেকে। তাঁর ৫৭ মিনিটের গোল কেড়ে নিল লা ডেসিমা পাওয়ার পরের বছরই রিয়ালের টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন। রিয়ালের মাঠ থেকে রিয়ালেরই স্বপ্ন ছিনিয়ে নিয়ে ফাইনালে জুভেন্টাস, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে।
ইতালিয়ান চ্যাম্পিয়নরা সর্বশেষ ফাইনাল খেলেছে ২০০৩ সালে। ঠিক এক যুগ আগে। সর্বশেষ শিরোপা ১৯৯৬ সালে। মাঝখানে কেটে গেছে দীর্ঘ ১৯টি বছর! চ্যাম্পিয়নস লিগের বহুপ্রার্থিত ধাতব ট্রফিটি আবারও তাদের হাতে উঠবে কি না, সেটি বলে দেবে ৬ জুন বার্লিনের ফাইনাল। যে মঞ্চে ২৪ ঘণ্টা আগেই নাম লিখিয়ে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছে বার্সেলোনা। জুভরা আবারও ইউরোপ জয় করে ইতালিয়ান ফুটবলের উজ্জ্বল বিজ্ঞাপন হতে পারবে কি পারবে না সে পরের কথা। তার আগে বলা যাক পরশুর ম্যাচে কী করে ব্যর্থতার দাগ কাটল রিয়াল। একেবারে শেষ সময়ে গোল করে যিনি গতবার ডেসিমা জয়ের ভিত্তি গড়েছিলেন, সর্বনাশটা সেই নায়কের হাত ধরেই। খেলার ধারার বিপরীতে জুভেন্টাসকে পার্শ্বরেখার কাছে ফ্রি-কিক ‘উপহার’ দিয়েছিলেন সার্জিও রামোস। ফ্রি-কিকটি পাঞ্চ করে ফিরিয়ে দিয়েছিলেন রিয়ালের গোলবারের চিরনির্ভরতা ইকার ক্যাসিয়াস। সেই বলটিই পল পগবা হেডে তুলে দেন মোরাতার কাছে, ২২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারের শট ক্যাসিয়াস কুড়িয়ে আনলেন জাল থেকে। বার্নাব্যু তখন ডুবে গেছে নৈশব্দের অতলে। রিয়ালের হয়ে ডেসিমাজয়ী মোরাতার গোলই রিয়ালকে ঠেলে দিয়েছিল উজান স্রোতে, গত জুলাইতে রিয়াল ছেড়ে যাওয়া এই ‘আপন’ মানুষটিই বুক ভেঙে দিলেন মাদ্রিদিস্তাদের। তবে পুরোনো ভালোবাসাটা সহজেই মুছে যায় না, মোরাতো তাই উদ্যাপন করেননি, বরং গোল করার পর ক্ষমাপ্রার্থনার ভঙ্গিই দেখিয়েছে তাঁর দুটি হাত।

মোরাতার গোলের পরও বাকি ছিল আরও ৩৩ মিনিট। কিন্তু ম্যাচের ভাগ্যকে অতিরিক্ত ৩০ মিনিট সময়ের হাতে ঝুলিয়ে দিতে হলেও যে একটি মাত্র গোল দরকার ছিল, সেটি করতে পারেননি রোনালদোরা। আসলে করতে দেয়নি জুভেন্টাস। ৩৭ বছর বয়সেও অসাধারণ বিশ্বস্ততায় গোলবার আগলে রেখেছেন বুফন। সারা মাঠ চষে বেড়িয়েছেন আর্তুরো ভিদাল। আক্রমণে যেমন, তেমনি রক্ষণেও এই চিলিয়ান মিডফিল্ডার। তাঁর থ্রু পেয়েই ৭০ মিনিটে মার্কিসিও দলের হয়ে দ্বিতীয় গোল প্রায় করেই ফেলেছিলেন। বাধা হয়ে দাঁড়ান ক্যাসিয়াস। এর আগে-পরে রিয়াল অসম্ভব চাপ সৃষ্টি করেও গোল পায়নি। তবে তারা সুযোগ অপচয়ও করেছে অনেক। রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে, যদিও বেল ও বেনজেমাই সুযোগ অপচয় করেছেন বেশি। বেনজেমার জায়গায় হাভিয়ের হার্নান্দেজকে নামিয়েও ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি কার্লো আনচেলত্তি। এটাও ঠিক, ভাগ্যও সঙ্গে ছিল না রিয়ালের। রিয়াল কোচের এই কথা অযৌক্তিকও নয়, ‘আমাদের খেলায় ঘাটতি ছিল সামান্যই, একেবারেই ছোটখাটো ভুল। খুব বেশি ভাগ্যের সহায়তা আমরা পাইনি।’ আনচেলত্তির যখন ভাগ্যবিড়ম্বনার উপলব্ধি, তাঁর প্রতিপক্ষ মাসিমিলিয়ানো অালেগ্রি ভাবছেন যোগ্যতাই ফাইনালে তুলে দিয়েছে তাঁর দলকে, ‘এটি অবিশ্বাস্য, কিন্তু সত্যি!’
সত্য এটাও যে, শিরোপাত্রয়ী জয়ের সামনে দাঁড়ানো দুটি দল মুখোমুখি বার্লিনে। অনেক দিন পর স্প্যানিশ বনাম ইতালিয়ান ফুটবলের লড়াই দেখবে ইউরোপ। সেই লড়াইয়ের সাক্ষী হতে তর সইছে না জুভেন্টাস খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের। শেষ বাঁশির পর গ্যালারিতে দেখা গেল কয়েকজনের হাতে প্ল্যাকার্ড—নোই আনদিয়ামো আ বার্লিনো। দেখা হবে বার্লিনে! এএফপি, রয়টার্স।