স্ত্রীকে না বলে বার্সেলোনাতে এ স্ট্রাইকার

>অনেক ঝক্কি–ঝামেলার পর লেগানেস থেকে কিছুদিন আগে বার্সেলোনায় যোগ দিয়েছেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়াইট।
যেভাবে বার্সেলোনায় যোগ দিয়েছেন, মার্টিন ব্রাথওয়াইটের মনে দলবদল না হওয়ার আশঙ্কা থাকাটাই স্বাভাবিক।
দলবদলের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ওসমানে দেম্বেলে, লুইস সুয়ারেজের চোটের কারণে বার্সেলোনার একজন স্ট্রাইকারের বড় দরকার ছিল। কিছুদিন পর জানা গেল, দলে চোটসমস্যা বেশি থাকলে চাইলে নিজের লিগের অন্য কোনো ক্লাব থেকে দলবদল সময়সীমার বাইরেও খেলোয়াড় কেনা যায়। প্রক্রিয়াটা যথেষ্ট অনিশ্চিত, কিন্তু অসম্ভব নয়। আর এই অনিশ্চিত প্রক্রিয়াটাকেই বাস্তব করেছে বার্সেলোনা। আলাভেসের লুকাস পেরেজ, গেটাফের অ্যানহেল রদ্রিগেজ, ওসাসুনার চিমি আভিলা, রিয়াল বেতিসের লরেন মোরোন, রিয়াল সোসিয়েদাদের উইলিয়ান হোসো—সবার রিলিজ ক্লজ, দলে আসার সম্ভাব্যতা বিবেচনা করে শেষমেশ ওদের কাউকে না নিয়ে মার্টিন ব্রাথওয়াইটকে দলে টেনেছে বার্সেলোনা।
ফলে ব্রাথওয়াইটের মনে ভয় ছিল। যদি দলবদলটা না হয়? যদি স্বপ্নের বার্সেলোনায় যোগ দেওয়া না হয়? এই ভয়ে নিজের স্ত্রী ও পরিবার, কাউকেই এই দলবদল সম্পর্কে শুরুতে বলেননি। বলেছেন একদম দলবদলের ব্যাপারটা নিশ্চিত হয়ে যাওয়ার পর, ‘শুরুতে আমি আমার স্ত্রী বা পরিবারের কাউকে সরাসরি বলিনি যে বার্সায় যাচ্ছি। তবে আমার কাছে পাকা খবর ছিল যে বার্সা আমাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। কিন্তু ব্যাপারটা একদম নিশ্চিত না হওয়া পর্যন্ত আবেগের প্রদর্শন করতে চাইনি কারও সামনে। নিশ্চিত হওয়ার পর স্ত্রীকে বলেছি, “দেখো, তুমি মনে হয় এর মধ্যেই অনেক খবর পড়েছ সংবাদমাধ্যমে, আমি বার্সায় যাচ্ছি।” এভাবেই আমি আমার পরিবারকেও জানিয়েছি। তারা আমাকে বারবার জিজ্ঞেস করেছে, আমি আগে জানাইনি কেন।’
সেই আশঙ্কা কেটেছে ব্রাথওয়াইটের। স্বপ্ন পূরণ হয়েছে। রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করেই তাঁকে লেগানেস থেকে দলে টেনেছে বার্সেলোনা। মেসি-গ্রিজমানদের সতীর্থ তিনি এখন।