প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটা ম্যাচে গোলপোস্ট সুরক্ষিত রেখেছেন। ছুঁয়েছেন ডেভিড জেমসের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ‘ক্লিনশিট’ রাখার রেকর্ডটাও (১৬৯ ম্যাচ)। পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচটা তাই বাড়তি আনন্দের উপলক্ষ হয়েই এসেছে আর্সেনাল গোলরক্ষক পিওতর চেকের কাছে। ম্যাচের পর সতীর্থদের অভিনন্দন তো পেয়েছেনই। তবে আসল চমকটা দিয়েছেন চেকের স্ত্রী মার্টিনা চেকোভা। স্বামীকে বিস্ময় উপহার দিতে বাড়িতেই একটা কেক বানিয়েছিলেন গোলরক্ষকের আদলে, যেখানে আবার লেখা ১৬৯! বোঝাই যাচ্ছে, স্বামীর অর্জনটা একটু অন্যভাবে উদ্যাপন করতে চেয়েছিলেন চেকোভা। চেক কিন্তু দারুণ খুশি। ইনস্টাগ্রামে সেই কেকের ছবি দিয়ে লিখেছেন, ‘আজ সকালে এই উপহার পেলাম। আমার স্ত্রী বানিয়েছে।’ কেকটা খেতে কেমন হয়েছে, সেটি অবশ্য বলেননি আর্সেনাল গোলরক্ষক। মেইল অনলাইন।