স্থানীয়দের অদম্য ইচ্ছার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের মাঠে আর ভালো খেলতে হয় না, টাকা তো হেঁটেই হেঁটেই তাঁদের কাছে আসে!
কিন্তু নামের ভারে আর পার পাওয়া যাবে না, এবারের ফেডারেশন কাপ তা ঘোষণা করে দিল। একঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে যেমন গ্রুপ পর্বেই পতন হয়েছে চট্টগ্রাম আবাহনীর। শেখ জামাল তারকায় আলোকিত না হলেও বড় বাজেটের দল। কিন্তু এই দলগুলোর ফুটবলারদের মধ্যে কেমন যেন আত্মতৃপ্তি থাকে। বরং কম টাকায় মাঝারি দলের ফুটবলাররা উজাড় করে দিচ্ছেন নিজেদের। ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি আরামবাগ-বিজেএমসি ম্যাচটি দুই দলের ফুটবলারদের সেই অদম্য ইচ্ছাটাই যেন ফুটিয়ে তোলে।
বিজেএমসি-আরামবাগের ফুটবলারদের ভাগ্যে সুযোগ-সুবিধা জুটছে কম। তবে এটা যেন শক্তিও জোগায় তাঁদের। যা আসলে খালি চোখে দেখা যায় না।
কিছুদিন শীর্ষ ফুটবল থেকে অবনমিত আরামবাগ ফিরে এসে দারুণ খেলছে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে পাঁচ ম্যাচে চার ড্র, এক হার। এই ফেডারেশন কাপে তিন ম্যাচে দুই জয়, এক ড্র। অন্য অনেক বড় দলের চেয়ে ঢের ভালো পারফরম্যান্স। বড় দলগুলো অনেকটাই বিদেশিনির্ভর, আরামবাগ তেমন নয়। নির্ভরযোগ্য ইয়োকো, কেস্টার আকন যেমন আছেন আক্রমণে, রিদন বা আবদুল্লাহরাও কম ভরসা জোগান না। দেশি-বিদেশি খেলোয়াড়ের ভালো রসায়ন তৈরি করেছেন কোচ সাইফুল বারী টিটু, ‘আমি চাইব সবার সমন্বয়ে পরিপূর্ণ একটা দলীয় পারফরম্যান্স।’ আজ তাঁর কৌশলও আরামবাগের জন্য বাড়তি শক্তি।
বিজেএমসি মাঝখানে ভালোই আর্থিক সমস্যায় পড়েছিল। বর্তমান পরিচালনা পর্ষদ চেষ্টা করছে যতটা সম্ভব ফুটবলারদের পাশে থাকতে। ফুটবলাররাও যতটা পাচ্ছেন অখুশি নন। বরং এটুকু পেয়েই মূল্য ফিরিয়ে দিতে চান ষোলো আনা। শেষ দুই ম্যাচে ৩ গোল করে জয়ের নায়ক জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মেহেদি হাসান তপুও সে কথাই বললেন। ডেমরা করিম জুটমিলে বিজেএমসির আবাসিক ক্যাম্প থেকে মুঠোফোনে বললেন, ‘ক্লাব সামর্থ্য অনুযায়ী করছে। আমরা ক্লাবকে কিছু দেব, এটাই প্রতিশ্রুতি। দেশি-বিদেশি সবাই একাত্ম হয়ে খেলছে। আশা করছি ফাইনালেও উঠে যাব।’
কোচ সাইদুর রহমানের হাতে আছে স্যামসন ইলিয়াসু ও এলিটা কিংসলের মতো পরীক্ষিত বিদেশি ফুটবলার। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশিদের পারফরম্যান্সের সমন্বয় ঘটাতে পারলে ফাইনালে যাওয়া কঠিন নয় বিজেএমসির জন্য। দুই দলই আসলে সমানে সমান। সাইদুর তাই চোখ রাখছেন ফাইনালে, ‘সবাই সেরাটা দিলে ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী।’ এর আগে সত্তর দশকে লিগ জিতলেও ফেডারেশন কাপ কখনো জেতেনি বিজেএমসি। একবারই খেলছে ফাইনালে। ২০১১ সালের সেই ফাইনালে হারতে হয় শেখ জামালের কাছে।
ফেডারেশন কাপ ছুঁয়ে দেখা হয়নি আরামবাগেরও। তবে ফাইনালে খেলার স্বাদ পেয়েছে দুবার। ১৫ বছর পর আরেকটি ফাইনালে ওঠার সুযোগ আজ। বিকেল পৌনে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচে আরামবাগের অপেক্ষা ফুরোবে নাকি বিজেএমসির?
তবে যে দলই ফাইনালে উঠুক, সেটিও হবে অনেক বড় চমক।