স্নায়ুযুদ্ধ আর রংধনুর এক ম্যাচ

হাঙ্গেরি ম্যাচ উপলক্ষ্যে কাল রংধনু সাজে সেজেছিল বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রাতে জার্মানি–হাঙ্গেরি ম্যাচটা স্নায়ুর পরীক্ষা নিয়েছে দর্শকের। কিন্তু এ ম্যাচকে ঘিরে মাঠের বাইরেই ছিল বেশি স্নায়ুযুদ্ধের আবহ। সে স্নায়ুযুদ্ধ মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা থেকে শুরু করে ছড়িয়ে পড়েছিল জার্মান পার্লামেন্ট আর ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরেও।

উত্তেজনা ছড়িয়েছিল হাঙ্গেরি সরকারের একটা সিদ্ধান্তে। তারা সম্প্রতি সমকামীদের বিরুদ্ধে এক কঠোর আইন করেছে, যেটির বিরুদ্ধে এ মুহূর্তে সোচ্চার গোটা জার্মানি। আইনটিতে সমকামী গোষ্ঠীর অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদের ঝড় বইছে।

নয়্যারের হাতে রংধনু রঙের আর্মব্যান্ড।
ছবি: রয়টার্স

ইউরোয় আলোচনাটা শুরু করেছিলেন ম্যানুয়েল নয়্যার। পর্তুগালের বিপক্ষে জার্মানির আগের ম্যাচেই তিনি রংধনু রঙের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। এই রংধনু রংটিকে বিশ্বব্যাপী সমাজের নানা বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে দেখা হয়। নয়্যারের হাতের সেই রংধনু ব্যান্ড পছন্দ করেনি উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাতে রাজনীতির গন্ধ পেয়েছিল। তবে জার্মান ফুটবল ফেডারেশনের হস্তক্ষেপে নয়্যার শাস্তির হাত থেকে বেঁচে গেছেন।

গতকালের ম্যাচ স্নায়ুর পরীক্ষা নিয়েছে কিমিখদের।
ছবি: রয়টার্স

রাজনীতির গন্ধ ছিল জার্মানি–হাঙ্গেরি ম্যাচে আরও বেশি। মিউনিখের মেয়র তো আলিয়াঞ্জ অ্যারেনাকে রংধুন রঙেই রাঙিয়ে দিতে চেয়েছিলেন! উয়েফা অবশ্য তা হতে দেয়নি। তবে উত্তেজনা বেশি ছড়িয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর উরবানের মিউনিখ সফরকে কেন্দ্র করে। তিনি ইউরোর ম্যাচে জার্মানির বিপক্ষে তাঁর দেশের খেলোয়াড়দের উজ্জীবিত করতেই আসতে চেয়েছিলেন। কিন্তু সমকামী ইস্যুতে জার্মানদের মনোভাব তাঁর সফরটি শেষ পর্যন্ত হতে দেয়নি।

এই কিশোর দর্শকের মতো হতাশ হতে হয়েছে হাঙ্গেরির সবাইকে।
ছবি: রয়টার্স

উয়েফা যদিও মিউনিখের স্টেডিয়ামকে রংধনুর রঙে সাজাতে দেয়নি, কিন্তু জার্মান ফুটবল ফেডারেশন স্টেডিয়ামের বাইরের বিভিন্ন স্থাপনা রংধনুর আলো দিয়ে সাজানো হয়েছিল। শুধু তা–ই নয়, খেলা শুরুর আগে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে ১০ হাজার রংধনু রঙের পতাকা বিতরণ করা হয়। আর তাতে কাল মিউনিখে রীতিমতো রংধনু পতাকার মিছিলই যেন বসেছিল!