স্পনসর অর্থ, ভেন্যু সবই কমল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের লোগো উন্মোচন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বাফুফে ভবন কাল সেজে উঠল ফেস্টুন-ব্যানার-প্ল্যাকার্ডে। ‘সাইফ পাওয়ার ব্যাটারি প্রিমিয়ার লিগ’ নাম নিয়ে মাঠের খেলা শুরু হবে ২৮ জুলাই। তবে টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে আপাতত খেলা হওয়ার সম্ভাবনা কম। চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনীর হোম ম্যাচগুলো এখন ঢাকায় হওয়ার কথা।

গত বছর সাইফ পাওয়ারটেকের কাছে প্রিমিয়ার লিগের স্বত্ব পাঁচ বছরের জন্য বিক্রি করেছিল বাফুফে। প্রথমবার চার কোটি টাকায়। তারপর প্রতিবছর ১৫ শতাংশ হারে টাকা বাড়ার কথা ছিল। কিন্তু ওই চুক্তি অনুযায়ী লিগ এবার হচ্ছে না। সবকিছুই পাল্টে গেছে। এবারের লিগের জন্য নতুন চুক্তি হয়েছে। অথচ লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী বলছেন, ‘স্পনসরের সঙ্গে আগের চুক্তিই বহাল আছে।’

লিগটা কখনোই একটা ছক মেনে এগোতে পারেনি। কথা ছিল, ঢাকার বাইরে অন্তত পাঁচ-ছয়টি ভেন্যুতে লিগের খেলা হবে। কিন্তু প্রথম বছর ঢাকার বাইরে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, গোপালগঞ্জে খেলা হওয়ার পর এবার আবার ঢাকায় বন্দী করে ফেলা হয়েছে। শুধু চট্টগ্রামে ১১টি ম্যাচ হবে।

ঢাকায় বৃত্তবন্দী হয়ে যাওয়ায় এবার সাইফ নাকি স্পনসরের কাছে গিয়ে সাড়া পায়নি। তাই স্পনসর অর্থ এবার তারা নামিয়ে এনেছে দেড় কোটিতে। ঢাকার বাইরে খেলা হলে সাইফ চুক্তি অনুযায়ী চার কোটি টাকাই দিতে চেয়েছিল। কিন্তু ক্লাবের কাছে জিম্মি বাফুফে লিগটা এবার আর ঢাকার বাইরে নিতে পারেনি। ক্লাব নাকি ঢাকার বাইরে যেতে চায় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগটা তাই শক্তিশালী না হয়ে উল্টো দুর্বল হচ্ছে। এ কারণে জাতীয় দল ধুঁকছে।

তবে স্পনসর অর্থ কমে গেলেও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে ফুটবলের সঙ্গেই থাকার কথা বলেছেন সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের পরিচালক তরফদার রুহুল সাইফ, ‘আমরা ফুটবলের সঙ্গে আছি। ফুটবল আমাদের রক্তে মিশে গেছে।’ এ কারণে নিজস্ব কোম্পানিকেই তারা এবার স্পনসর হিসেবে নিয়ে এসেছে। সঙ্গে এনেছে বাংলা টিভিকে, যারা লিগের খেলা সরাসরি দেখাবে। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান গোলাম জি দস্তগীর উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।