স্পনসররাও এককাট্টা ব্ল্যাটারের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাটারকে আর দেখতে চান না শীর্ষ পৃষ্ঠপোষকেরাও। ছবি: এএফপি।
ব্ল্যাটারকে আর দেখতে চান না শীর্ষ পৃষ্ঠপোষকেরাও। ছবি: এএফপি।

আগামী ফেব্রুয়ারি মাসেই তিনি পদত্যাগ করবেন ফিফার মসনদ থেকে—এই ঘোষণা সেপ ব্ল্যাটার দিয়ে রেখেছেন আগেই। কিন্তু আর্থিক পৃষ্ঠপোষকেরা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগ চান ব্ল্যাটারের। প্রতিষ্ঠানগুলো মনে করে একেক দিন পার হয়ে যাওয়া মানে ফিফার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়া।’

ফিফার চার প্রধান পৃষ্ঠপোষকই এই ব্যাপারে এককাট্টা। কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, বাডওয়াইজার ও ভিসা—এই চারটি প্রতিষ্ঠানই মনে করে বিভিন্ন আর্থিক অনাচারের ব্ল্যাটারের নাম জড়িয়ে পড়ায় তিনি ফিফার সভাপতির মতো একটি গুরুত্বপূর্ণ পদে বসে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। বিশেষ করে সম্প্রতি তাঁর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হওয়ায় আর এক মুহূর্তও তাঁর এই পদে থাকা সাজে না। ব্ল্যাটার অবশ্য পৃষ্ঠপোষকদের এই দাবি অগ্রাহ্য করে ঘোষণা দিয়েছেন, ‘কোনো চাপের কাছে তিনি নতিস্বীকার করবেন না।’

বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস এক বিবৃতিতে বলেছে, ‘ব্ল্যাটারের সরে যাওয়াটা হবে ফুটবলের জন্য শুভ সংবাদ।’

ব্ল্যাটারের বিপক্ষে সুইস কর্তৃপক্ষের অভিযোগটা বেশ গুরুতর। তারা অভিযোগ করছেন, ব্ল্যাটার ফিফার জন্য অনেক নেতিবাচক চুক্তি করেছেন।

উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে তিনি ‘অবৈধ উপায়ে’ অর্থ দিয়েছেন।

ব্ল্যাটার অবশ্য মনে করেন তাঁর সরে যাওয়া ফিফার সংস্কার প্রক্রিয়াকে থমকে দেবে।

এদিকে অন্যতম শীর্ষ পৃষ্ঠপোষক বাডওয়াইজার মনে করে ব্ল্যাটারই ফিফার সংস্কার প্রক্রিয়ার মূল প্রতিবন্ধক। তাঁর এখনই সরে যাওয়া উচিত।

গত মে মাসে ফিফা কংগ্রেসের আগ মুহূর্তে ফিফার শীর্ষ কর্তাদের গ্রেপ্তার করে সুইস পুলিশ। ব্যাপারটি সারা দুনিয়ার সামনে নিয়ে আসে বিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি আর অনাচারের উপাখ্যানকে। এর দুদিন পর সভাপতি পদে নির্বাচনে পঞ্চমবারের মতো জেতেন ব্ল্যাটার। তবে দুর্নীতির অভিযোগ নিয়ে সারা দুনিয়া তোলপাড় হওয়ার মধ্যে ২ জুন তিনি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ফিফার সভাপতি পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

৭৯ বছর বয়সী ব্ল্যাটার ১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সূত্র: এএফপি।