স্পারসের ৫৫ বছরের স্বপ্ন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেকটা সময় জুড়ে টটেনহাম গ্যালারিতে গান শোনা গেল, ‘লেস্টার সিটি, উই আর কামিং ফর ইউ!’ সুর-তাল হয়তো শ্রুতিমধুর ছিল না, তবে গানের ভাষা পরিষ্কার। মৌসুমের শেষ দিন পর্যন্ত প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লেস্টারকে তাড়া করে যাবে টটেনহাম হটস্পার! ১৯৬১ সালের পর আবারও ইংলিশ লিগ শিরোপার কাছে গিয়ে হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।
৫৫ বছরের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রেরণা টটেনহাম পেয়েছে লেস্টারের কাছ থেকেই। ঘরের মাঠে গত রোববার ওয়েস্ট হামের সঙ্গে ড্র করেছে ক্লদিও রানিয়েরির দল। দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম সুযোগ পেয়ে গেল পয়েন্ট ব্যবধান ৫-এ নামিয়ে আনার। সুযোগটা কাজে লাগিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। হ্যারি কেন ও ডেলে আলির জোড়া গোলে পরশু স্টোক সিটিকে তাদেরই মাঠে হারাল ৪-০ গোলে।
৫ পয়েন্ট এগিয়ে থাকা লেস্টারের জন্য এটি হুমকি, কারণ লিগে ম্যাচ বাকি আর ৪টি করে। তাতে লেস্টারের সমীকরণটাই বেশি কঠিন। তার ওপর ওয়েস্ট হামের সঙ্গে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন লেস্টার স্ট্রাইকার জেমি ভার্ডি। সব মিলিয়ে লেস্টারের পয়েন্ট হারানোর সুযোগ নিতে টটেনহাম যেন ওত পেতে আছে। স্টোকের সঙ্গে জেতার পর স্পারস কোচ পচেত্তিনো বলেও দিয়েছেন, ‘লেস্টার ভুল করলে সুযোগটা আমাদের নিতেই হবে। সেটিই করার চেষ্টা করছি, লেস্টারের ওপর চাপ তৈরি করছি।’
লেস্টার পয়েন্ট হারানোর পর মাঠে নামতে তর সইছিল না টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেনের। মাঠে নেমে জয় পেলেন স্টোকের বিপক্ষে। এটিই শিরোপা জয়ের আত্মবিশ্বাস জোগাচ্ছে মৌসুমে ২৭ গোলের মালিককে ‘আমরা লেস্টারকে চাপে ফেলতে প্রস্তুত। মনে হয় সেটা করতেও পারব।’ এএফপি।