এটা সত্যি, কোচ বদল হওয়ায় একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে ইতালি। তাই বলে মেসিডোনিয়ার বিপক্ষে জিততে এত কষ্ট হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের! ফিফা র্যা ঙ্কিংয়ে ১৪৬তম স্থানে থাকা মেসিডোনিয়াকে হারাতে কিনা অপেক্ষা করতে হলো যোগ হওয়া সময় পর্যন্ত। বিশ্বকাপ বাছাইপর্বে পরশুর ম্যাচটা শেষ পর্যন্ত ইতালি জিতেছে ৩-২ গোলে। তবে এ জয় মনে হয় না খুব স্বস্তি দেবে ইতালি কোচ জিয়ামপিয়েরো ভেনতুরাকে। মেসিডোনিয়া শেষ সময়ে গোলের সুযোগ নষ্ট না করলে ইতালি পয়েন্ট হারাতেও পারত এ ম্যাচে।
গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়াকে হারাতে অবশ্য এত ঘাম ঝরাতে হয়নি আরেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। ডিয়েগো কস্তা ও নলিতোর গোলে স্পেন জিতেছে ২-০ ব্যবধানে।
বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্ব মিলিয়ে সর্বশেষ ১০ বছরে কোনো ম্যাচ হারেনি ইতালি। পরশুর জয়ের পর এই সময়ে তাদের পরিসংখ্যান—৫৩ ম্যাচে ৩৯ জয়, ১৪ ড্র। মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে পরশু শুরুটাও খারাপ হয়নি ইতালির। আন্দ্রেয়া বেলোত্তির গোলে তারা এগিয়ে যায় প্রথম। কিন্তু এরপর একটু গা ছাড়া ভাব চলে আসে, আর সেই সুযোগ নিয়ে মেসিডোনিয়া এগিয়ে যায় ২-১-এ। সেই অবস্থা থেকে ৭৬ মিনিটে গোল করে ইতালির সমর্থকদের মনে আশা জাগিয়ে তোলেন স্ট্রাইকার চিরো ইমোবিলে। যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর আরও একটা গোলে হাসিমুখে মাঠ ছাড়ে ইতালি।
স্পেনের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে পাঁচ খেলোয়াড়কে বসিয়ে মেসিডোনিয়ার বিপক্ষে দল নামিয়েছিলেন ভেনতুরা। তরুণ খেলোয়াড়দের অনভিজ্ঞতাই দলকে কিছুটা ভুগিয়েছে বলে মনে করেন ইতালি কোচ, ‘আমরা যেসব ভুল করেছি সেগুলো সবই অনভিজ্ঞতার কারণে। আপনার দলটা যদি তরুণ হয়, এটা মেনে নিতেই হবে।’ অবশ্য ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন তারপরও তাঁর দলের এই পারফরম্যান্সকে বলেছেন—‘খুবই অদ্ভুত’! সতীর্থদের সতর্ক করেছেন, ‘এমন খেললে যে ম্যাচগুলো কাগজে-কলমে সহজ মনে হয়, মাঠে গিয়ে সেগুলোও কঠিন হয়ে যাবে।’
আলবেনিয়ার মাঠে অবশ্য জিততে এত কাঠখড় পোড়াতে হয়নি স্পেনকে। তবে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন জেরার্ড পিকে-ডিয়েগো কস্তারা। অবশেষে ৫৫ মিনিটে কস্তার গোলেই এগিয়ে যায় স্পেন। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড নলিতো।
এই জয়ে আলবেনিয়াকে সরিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্পেন। ৩ ম্যাচে স্পেনের পয়েন্ট ৭। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে ইতালি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আলবেনিয়া তৃতীয় স্থানে। এএফপি, রয়টার্স।
এক নজরে
ফিনল্যান্ড ০: ১ ক্রোয়েশিয়া
ইসরায়েল ২: ১ লিখটেনস্টেইন
ইউক্রেন ৩: ০ কসোভো
ওয়েলস ১: ১ জর্জিয়া
আলবেনিয়া ০: ২ স্পেন
আইসল্যান্ড ২: ০ তুরস্ক
মেসিডোনিয়া ২: ৩ ইতালি
মলদোভা ১: ৩ আয়ারল্যান্ড
সার্বিয়া ৩: ২ অস্ট্রিয়া
* প্রথমে স্বাগতিক দল