স্পেন, ছোট্ট স্পেন আর ইতালির দিন
ইউরোতে আজ তিনটি ম্যাচ, তার দুটিতেই থাকছে স্পেন। অন্যটিতে ইতালি।
দুই ম্যাচে স্পেন থাকে কীভাবে? বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইতালি মুখোমুখি হবে সুইডেনের, রাত ১টায় তুরস্কের সঙ্গে খেলবে স্পেন। কিন্তু এর মাঝে চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়ার ম্যাচেও থাকবে স্প্যানিশ ছোঁয়া। চেক কোচ পাভেল ভারবাই যেমন বলছেন, ‘ওদের তারকা খেলোয়াড়েরা তো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলে। ওদের ডাকনাম “ছোট্ট স্পেন” দেওয়া উচিত। আমাদের জন্য আরেকটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’
বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ‘আসল’ স্পেনের কাছে ১-০ গোলে হেরে ইউরো শুরু হয়েছে চেক প্রজাতন্ত্রের। আজ আবার স্পেনেরই বড় দুই ক্লাবে খেলা মডরিচ-রাকিটিচ-কোভাচিচদের ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে একটু তো দুশ্চিন্তা হওয়ারই কথা চেক কোচের। তার ওপর সর্বশেষ ম্যাচের পর দুটি মৃত্যুশোকে উজ্জীবিত ক্রোয়াটরা। বাবার মৃত্যুসংবাদ পেয়ে ওই ম্যাচের পরই দেশে ফিরে যান অধিনায়ক দারিও সরনা ও গোলকিপিং কোচ মারিয়ান মরমিচ। বাবার শেষকৃত্য সেরে ফিরে এসেছেন সরনা। সতীর্থের এই ব্যক্তিগত শোক ছুঁয়ে গেছে অন্য ক্রোয়াট খেলোয়াড়দেরও।
তুলুজে ইব্রাহিমোভিচের সুইডেনের মুখোমুখি ইতালি। সর্বশেষ দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আজ্জুরিদের নিয়ে এই ইউরোতে খুব বেশি বাজি কেউ ধরেনি। কিন্তু দল হয়ে খেলেই বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সব সমালোচনা, সংশয় উড়িয়ে দিয়েছে কন্তের দল।
ম্যাচ জিতেই সেদিন ইতালির মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি বলেছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে লোকে যেমন ভেবেছিল, আমরা তেমন নই। অনেকেই এখন তাদের কথা গিলে নিচ্ছে। আমরা শুধু নিজেদের কাজে মনোযোগ দিচ্ছি, কথা বলার ব্যাপারটা ছেড়ে দিচ্ছি অন্যদের ওপর।’
ইতালির ভয় আজ শুধু জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে। বাছাইপর্বে ১১ গোল করেছেন সুইডিশ স্ট্রাইকার। আয়ারল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি, কিন্তু টানা দুই ম্যাচ নিষ্প্রভ থাকবেন ইব্রা? ইতালি মিডফিল্ডার আন্তোনিও কান্দ্রেভা ঝুঁকি নিচ্ছেনও না, ‘জ্লাতান একাই একটা দলের ওপর চাপ তৈরি করতে পারে। তবে আমাদের মনোযোগ রাখতে হবে নিজেদের খেলায়। আর ওদের শক্তির জায়গাগুলোতে লাগাম পরাতে হবে।’
দিনের শেষ ম্যাচে তুরস্কেরও এমন লাগাম পরাতে হবে বিশেষ এক খেলোয়াড়ের ওপর—আন্দ্রেস ইনিয়েস্তা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে নলিতো-থিয়াগোদের ‘নতুন স্পেনে’র সেরা খেলোয়াড় ছিলেন ৩২ বছর বয়সী ইনিয়েস্তাই, পিকের দেওয়া একমাত্র গোলের উৎসও তিনি। জাতীয় দলের ক্লাব-সতীর্থ সার্জিও বুসকেটস তো ইনিয়েস্তাকে ‘বৈশ্বিক বিস্ময়’ উপাধি দিয়ে বলেছেন, ‘প্রতিপক্ষকে হতবিহ্বল করায় ওর দক্ষতা অবিশ্বাস্য। যত দিন যাচ্ছে, ততই যেন আরও শাণিত হচ্ছে।’
ইনিয়েস্তারই বার্সেলোনা সতীর্থ আরদা তুরানের কাছে বিশেষ কিছু চাইবে তুরস্ক। আগের ম্যাচের বিবর্ণ ছিলেন তুরানের সঙ্গে ওজিয়াকাপ-সালহানোগ্লুরাও স্বরূপে না ফিরলে ইউরোয় বেজে যেতে পারে তুর্কিদের বিদায়ঘণ্টা। এএফপি।