স্পেন-পোল্যান্ডকে অপেক্ষায় রেখে দ্বিতীয় পর্বের পথে সুইডেন
২০২০ ইউরোর ড্র শেষে ‘ই’ গ্রুপকে বেশ সহজ বলেই মনে হচ্ছিল। ফেবারিট নিশ্চিতভাবেই স্পেন। দ্বিতীয় ফেবারিট বাছাইপর্ব দাপটের সঙ্গে পার করা পোল্যান্ড। সে তুলনায় স্লোভাকিয়া কিংবা সুইডেনের সম্ভাবনা খুব কমই দেখা হচ্ছিল। এ দুই দলের সম্ভাবনা বলতে সেরা চার তৃতীয় দলের একটি হবে বলেই ভেবে নেওয়া হচ্ছিল।
সেই গ্রুপ থেকেই প্রথম দল হিসেবে শেষ ষোলো প্রায় নিশ্চিত করেছে সুইডেন। প্রথম ম্যাচে স্পেনকে রুখে দেওয়া দলটি আজ স্লোভাকিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই জয়ে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে যে ফলই হোক না কেন, নিজেদের তৃতীয় স্থান পাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে দলটি। আর ৪ পয়েন্ট হয়ে যাওয়ায় শেষ ম্যাচে হারলেও সব গ্রুপগুলোর তিনে থাকা দলগুলোর মধ্যে শুরুর দিকেই থাকার ব্যাপারটাও অনেকটাই নিশ্চিত তাদের।
টুর্নামেন্টের শুরুতে একের পর এক দুঃসংবাদ পেয়েছে সুইডেন। ২০১৮ বিশ্বকাপে সুযোগ থাকা সত্ত্বেও জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে টানেননি। কিন্তু এবারের ইউরোতে দলের ভালোর কথা ভেবে ঠিকই ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। সেই ইব্রাহিমোভিচ চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন। দলের আক্রমণে সৃষ্টিশীলতার জন্য ভরসা ছিলেন তরুণ দেয়ান কুলুসেভস্কি। জুভেন্টাস ফরোয়ার্ডও টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। এখন সুস্থ হলেও একাদশে নামার মতো ফিটনেস ফিরে পাননি।
এমন এক দল নিয়েই স্পেনের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। প্রতিপক্ষের মাঠ থেকে কষ্টার্জিত এক ড্র তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সে আত্মবিশ্বাসের জোরেই পোল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা স্লোভাকিয়াকে হারিয়ে দিয়েছে আজ।
ম্যাচের মীমাংসা করে দিয়েছে একটি পেনাল্টি। ৭৪ মিনিটে আলেক্সান্ডার ইসাকের সুবাদে স্লোভাকিয়ার ডি-বক্সে দারুণ সুযোগ পেয়েছিলেন রবিন কোয়াইসন। তাঁকে আটকাতে পড়িমরি করে ছুটে আসেন গোলকিপার ডুব্রাভকা। কিন্তু তাঁকে ঠেকাতে পারেননি বৈধভাবে। পেনাল্টি থেকে এমিল ফোর্সবার্গ অমূল্য গোলটি এনে দিয়েছেন।
এর আগে–পরে ঘুমপাড়ানি এক ম্যাচ হয়েছে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে। দুই দলই যেন বিরক্তিকর খেলা দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে নেমেছিল। পোল্যান্ডের বিপক্ষে গত ম্যাচের সে আগুনে রূপ আজ হারিয়ে ফেলেছে স্লোভাকিয়া। মারেক হামসিকদের আজ অলস পায়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রথমার্ধে একই অবস্থা ছিল সুইডেনেরও।
দ্বিতীয়ার্ধেও খেলা ঢিমেতালে এগিয়েছে। শুধু সুইডেনের ইসাকই গতি আর বুদ্ধিদীপ্ত পাস দিয়ে ঝামেলা সৃষ্টি করছিলেন প্রতিপক্ষ রক্ষণে। তাঁর সুবাদেই পেনাল্টি পেয়েছে সুইডেন। এর আগে-পরেও দুটি দারুণ গোলের সুযোগ সৃষ্টি করেছেন ইসাক। কিন্তু গোল পাননি রিয়াল সোসিয়েদাদে খেলা এই স্ট্রাইকার।
এ জয়ে আরও একটি বিষয় নিশ্চিত হলো সুইডেনের। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে দলটি।