যে সময় হওয়ার কথা, করোনা সে সময় ইউরো হতে দেয়নি। এক বছর পিছিয়ে যখন শেষ পর্যন্ত হতে যাচ্ছে, করোনা তখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে। তাতে কী! করোনার ভয়ে তো সব বন্ধ করে বসে থাকলে চলবে না। ১১ জুন থেকে তাই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদার আসর। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই—ইউরো ২০২০। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার আগে স্মৃতির ভেলা ভাসিয়ে ফিরে দেখা যাক আগের আসরগুলো—
৪৪ বছর পর
সে বছর ইউরো দেখতে অস্ট্রিয়া-সুইজারল্যান্ডে গিয়েছিলেন অনেক স্প্যানিশ সমর্থক। বারে কিংবা পাবে অন্য দেশের সমর্থকদের সঙ্গে দেখা হলে নাকি তাঁরা বলতেন, ‘আমরা আসলে এসেছি সবার সঙ্গে মজা করে একটু মদ্যপান করতে আর আনন্দময় কিছু সময় কাটাতে। স্পেন কত গোলে জিতল বা হারল, তাতে কিছু যায়–আসে না।’ দল নিয়ে কোনো প্রত্যাশা না থাকলে যা হয় আরকি!
প্রত্যাশা থাকবেই–বা কেন! খুব প্রতিভাবান দল, কিন্তু বড় টুর্নামেন্ট খেলতে গেলে কিছু করতে পারে না, স্পেন সম্পর্কে এমন একটা ধারণা তখন প্রায় প্রতিষ্ঠিত সত্যের মতো। সেই ১৯৬৪ সালে ইউরো জয়ের পর ৪৪ বছর ধরে এ রকমই করে আসছে স্পেন। কখনো কখনো তো প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি তারা।
কিন্তু এ রকম কিছু টুর্নামেন্ট থাকেই, যেটা শুধু জয়ী দলের নামের কারণেই স্মরণীয় হয়ে থাকে না, ওই টুর্নামেন্ট দিয়েই একটা দল দীর্ঘমেয়াদি ছাপ ফেলে যায় খেলায় আর সমর্থকদের মনে। ১৯৭০ বিশ্বকাপে সুন্দর ফুটবলের ফুল ফোটানো সেই ব্রাজিল, ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনা কিংবা ১৯৭৪ বিশ্বকাপে ইয়োহান ক্রুইফের সেই নেদারল্যান্ডস তেমনই ছাপ ফেলেছিল সমর্থক হৃদয়ে।
স্পেনের জন্য ২০০৮ ইউরো ছিল সে রকমই একটি টুর্নামেন্ট। ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে স্পেন অবশেষে ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলে তাদের আধিপত্যের আগাম বার্তা, বদলে দিয়েছিল স্প্যানিশ ফুটবলের ইতিহাস এবং বিশ্বকে উপহার দিয়েছিল ‘টিকিটাকা’ ফুটবলের সর্বজয়ী রূপ। ৪৪ বছর পর আবার ইউরোপের চ্যাম্পিয়নও হয়েছিল বৈকি!
জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ইকার ক্যাসিয়াস, আলোনসো, ডেভিড সিলভা, ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়ারা কোচ লুইস আরাগোনেসকে খুঁজে পেয়েছিলেন, নাকি আরাগোনেস তাঁদের খুঁজে নিয়েছিলেন; সেই প্রশ্ন এখনো করা যায়। উত্তর যা-ই হোক, এতে কোনো সন্দেহ নেই, তাঁরা একে অন্যের জন্যই তৈরি ছিলেন আসলে।
আরাগোনেস যে দর্শনে গড়ে তুলেছিলেন দলটা, সেই দর্শনে পথ চলেই তো দুই বছর পর ভিসেন্তে দেল বস্ক স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেন, এর দুই বছর পর এনে দেন আরও একটা ইউরো। প্রায় চার বছরের মধ্যে পরপর তিনটি বড় ট্রফি বিশ্ব ফুটবলের ইতিহাসেই আর কোনো দল জেতেনি কখনো।
একনজরে ইউরো ২০০৮
স্বাগতিক: অস্ট্রিয়া-সুইজারল্যান্ড
ফাইনালের ভেন্যু: আর্নস্ট-হাপেল, ভিয়েনা
চ্যাম্পিয়ন: স্পেন
রানার্সআপ: জার্মানি
সর্বোচ্চ গোলদাতা: ৪ গোল, ডেভিড ভিয়া (স্পেন)
স্বাগতিক দুই দলের জন্য ২০০৮ ইউরো ছিল দুঃস্বপ্নের মতো। অস্ট্রিয়া কিংবা সুইজারল্যান্ড, কোনোটাই গ্রুপ পর্বও পেরোতে পারেনি। পরাশক্তি অনেক দলেরও খুব খারাপ কেটেছে টুর্নামেন্টটা। নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স ও রোমানিয়াকে নিয়ে গড়া মৃত্যুকূপ ‘সি’ গ্রুপে চতুর্থ হয়েছিল ফ্রান্স। নেদারল্যান্ডসের কাছে ফরাসিরা এক ম্যাচে বিধ্বস্ত হয় ৪-১ গোলে।
‘শেষ সময়ের গোল’ হয়ে গিয়েছিল ওই টুর্নামেন্টের মূল ‘থিম’। সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এ রকমই শেষ সময়ের গোলে জিতে কোয়ার্টার ফাইনাল ও পরে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে বড় চমক দেখায় তুরস্ক। শেষ চারে অবশ্য আর জার্মানির সঙ্গে পেরে ওঠেনি তুর্কিরা। অন্য সেমিফাইনালে রাশিয়ার বিপক্ষে দাপট দেখিয়েই ৩-০ গোলে জেতে স্পেন।
অনেকেই ভেবেছিলেন, ভিয়ের আর্নস্ট-হাপল স্টেডিয়ামে আরও একবার হতাশার কাব্য লিখে শেষ করবে স্পেন, প্রবল মানসিক শক্তির জার্মানির সঙ্গে পেরে উঠবে না তারা।
কিন্তু স্পেন সেদিন নেমেছিল আসলে ফুটবলের ইতিহাস বদলে দিতে। গোল একটাই, ৩৩ মিনিটে ফার্নান্দো তোরেসের। কিন্তু পাসের পর পাস খেলতে খেলতে জার্মানিকে মানসিকভাবে গুঁড়িয়ে দিয়েছিল স্প্যানিশরা। ‘ভিভা এসপানা’ স্লোগানে মুখরিত হলো ভিয়েনা।
আরও যত গল্প
মা–বাবার কিডনি নিয়ে
২০০৭ সালের জানুয়ারিতে দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে ইভান ক্লাসনিচের। দ্রুত অস্ত্রোপচার করে মায়ের একটা কিডনি প্রতিস্থাপন করা হলো তাঁর শরীরে। কিন্তু কয়েক দিন পর দেখা গেল, সেটাও কাজ করছে না ঠিকমতো। আবার অস্ত্রোপচার করে বাবার একটা কিডনি দেওয়া হলো ক্লাসনিচের শরীরে। এবার সব ঠিকঠাক।
মা–বাবার কিডনি নিয়েই এর ১৫ মাস পর ক্রোয়েশিয়ার হয়ে ২০০৮ ইউরো খেলেন স্ট্রাইকার ক্লাসনিচ, গোল করেন পোল্যান্ডের বিপক্ষে।
বুড়োর গোল
৩৮ বছর ২৫৭ দিন বয়সে পোল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন অস্ট্রিয়ার ইভিকা ভাসতিচ। এখন পর্যন্ত ইউরোতে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড এটিই।
শর্ষে রঙের জার্সি
স্পেনের দ্বিতীয় জার্সিটা পছন্দ ছিল না কোচ লুইস আরাগোনাসের। কারণ, ওটার রং হলদেটে। তবে শেষ পর্যন্ত খেলোয়াড়দের সেটা পরতে দিতে রাজি হয়েছিলেন এই বলে, ‘আমাকে তো আর এই রঙের জার্সি পরতে হচ্ছে না। খেলোয়াড়েরা পরুক। আর রংটা হলুদ বলবেন না কেউ। কারণ, এটা আসলে শর্ষে রঙের।’
‘ছোট’দের জয়
স্পেনের ওই দলে দীর্ঘদেহী কোনো খেলোয়াড় ছিলেন না। ছয় ফুটের ওপরে কেউ নন। এটা স্মরণ করেই মিডফিল্ডার জাভি হার্নান্দেজ একবার মজা করে বলেছিলেন, ‘আমাদের ওই জয় ছিল আসলে ছোটদের জয়।