
কারও মুখে প্রাণখোলা হাসি। কেউ হয়তো ভেতরে ভেতরে বিমর্ষ। কিন্তু সেটাও আড়াল করতে পেশাদারি হাসি ঝুলিয়ে রাখতে হচ্ছে মুখে। পরশু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্বকাপ বাছাই পর্বের ড্রয়ের পর বিশাল হলরুমের মুখগুলোকে এমনই মনে হয়েছে।
জার্মানির কোচ জোয়াকিম লোর কথাই ধরুন না। ‘সি’ গ্রুপে তাঁর দলের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র, উত্তর আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান ও সান ম্যারিনো। এর চেয়ে সহজ গ্রুপ যে নিজেও আশা করেননি সেটা বোঝা গেল জার্মান কোচের কথা শুনেই। হাসিমুখে বললেন, ‘আমরা গ্রুপ দেখে খুবই সন্তুষ্ট। স্বাভাবিকভাবেই বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই গ্রুপ থেকে আমরা সেরা হওয়ার কথাই ভাবছি। আর এখানে আমরাই ফেবারিট।’
কোচের মতোই আনন্দিত জার্মান দলের ম্যানেজার অলিভার বিয়েরহফও, ‘আমি খুবই খুশি যে আমাদের ইতালি বা ফ্রান্সের বিপক্ষে খেলতে হচ্ছে না। স্পেনের দিকেই দেখুন না। ওদের গ্রুপ খুব কঠিন হয়ে গেল।’
সত্যি কথা। ‘জি’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পড়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে! ব্রাজিলে গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেন ও ইতালিকে। বিশ্বকাপের পরও ইতালির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। আলবেনিয়ার বিপক্ষে গত বছর নভেম্বরে জেতার পর টানা তিনটি ম্যাচ ড্র করেছে বুলগেরিয়া, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে। এরপর গত মাসে পর্তুগালের কাছে হেরেছে ১-০ গোলে। ফিফা র্যা ঙ্কিংয়ে ১৭ নম্বরে নেমে যাওয়ায় ইউরোপীয় অঞ্চলের ড্রয়ে শীর্ষ বাছাই হিসেবেও থাকতে পারেনি ইতালি। তবে তারপরও ড্রটাকে খুব খারাপ বলছেন না ইতালির কোচ আন্তোনিও কন্তে, ‘স্পেনের সঙ্গে একই গ্রুপে পড়ায় খুব ভালো হলো না, কিন্তু জার্মানির গ্রুপে পড়লে তো আরও খারাপ হতো। আমি তো তো বলব, এই গ্রুপ থেকে স্পেন আর ইতালিই ফেবারিট।’
ইউরোপীয় অঞ্চলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন দলটি। রানার্সআপ হলে পেরোতে হবে প্লে-অফের বাধা। এই কঠিন হিসাব সামনে রেখেও হতাশা নেই কন্তের মধ্যে, ‘আমি বলব না যে এটা কঠিন গ্রুপ। বরং স্পেনের মতো দুর্দান্ত দলের মুখোমুখি হতে হবে, এটাই আমাদের বাড়তি অনুপ্রেরণা দেবে। গত কয়েক বছরে ওরা দারুণ সব কীর্তি গড়েছে।’
কন্তের দলকে সাহস দিচ্ছেন ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোও, ‘বিশ্বকাপে থাকাটা ইতালির
জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সে জন্য যা করতে হয়, আমরা সবই করব।’
ইতালি আর স্পেনের জন্য বাছাইপর্বটা বড় পরীক্ষা হয়ে গেল। তবে দর্শক হিসেবে এই গ্রুপের খেলা দেখাটা আনন্দদায়ক হবে বলেই মনে করেন জার্মান কোচ জোয়াকিম লো, ‘স্পেন আর ইতালির গ্রুপে লড়াইটা বেশ রোমাঞ্চকরই হবে।’ এএফপি, গোল ডটকম।