স্পেনেই নিয়তি বাঁধা বায়ার্নের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্নের মাঠে জয়ে সেমিফাইনাল একরকম নিশ্চিতই। গতকাল রিয়াল মাদ্রিদের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো তাই এমন ফুরফুরে মেজাজে l এএফপি
বায়ার্নের মাঠে জয়ে সেমিফাইনাল একরকম নিশ্চিতই। গতকাল রিয়াল মাদ্রিদের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো তাই এমন ফুরফুরে মেজাজে l এএফপি

স্প্যানিশ কোনো ক্লাবের হাতেই শেষ হবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের পথচলা—এটাই কি তবে নিয়ম হয়ে গেল? ঘটনা তো তা-ই মনে হচ্ছে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ, পরের মৌসুমে বার্সেলোনা, এরপরের মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ। সর্বশেষ তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে বায়ার্নকে বিদায় করে দিয়েছে স্পেনের এই তিন দল।
ঘুরেফিরে এবার আবার সেই রিয়ালের সামনে বায়ার্ন। মিউনিখে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ২-১ গোলে হেরে যাওয়ায় আজ বার্নাব্যুতে ফিরতি লেগটা বায়ার্নের অগ্নিপরীক্ষা। রিয়ালের মাঠে আজ শুধু জিতলেই হবে না জার্মান চ্যাম্পিয়নদের, করতে হবে কমপক্ষে ২ গোল। ‘স্পেন জুজু’ কি তাড়াতে পারবে বায়ার্ন?
ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জিতে আসার পর কখনো পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হয়নি রিয়াল। সেই ইতিহাস ঘেঁটেই দেখা যাচ্ছে, চ্যাম্পিয়নস লিগ যুগে নিজেদের মাঠে প্রথম লেগটা হারার পর মাত্র দুটি দল প্রতিপক্ষের মাঠে দারুণভাবে জিতে পরের রাউন্ডে গেছে। এর মধ্যে ইন্টার মিলান একবার কাজটা করেছে বায়ার্নেরই বিপক্ষে (২০১০-১১)। অন্য কীর্তিটি প্যানাথিনাইকসের (১৯৯৫-৯৬ মৌসুমে, আয়াক্সের বিপক্ষে)।
ফর্মও বায়ার্নের পক্ষে নেই। রিয়ালের কাছে প্রথম লেগটা হারার পর বুন্দেসলিগায় লেভারকুসেনের সঙ্গে সর্বশেষ ম্যাচটা ড্র করতে হয়েছে। সব ধরনের টুর্নামেন্টে সর্বশেষ চার ম্যাচে মাত্র একটি জয়! বার্নাব্যু-জয় আসলেই কঠিন মনে হচ্ছে ফিলিপ লামদের জন্য।
কোনো কিছুই যখন পক্ষে থাকে না, তখন বোধ হয় বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম সেটাই করছেন। মাদ্রিদের বিমান ধরার আগেই বলে দিয়েছেন, ‘সত্যি কথা হচ্ছে, আমরা এই ম্যাচে আন্ডারডগ। ওখানে জেতাটা সহজ হবে না। আমরা তবু চেষ্টা করব সেরাটা দিতে।’
সেরাটা দিতে হলে দলের সেরা খেলোয়াড়কে লাগবে। যাঁকে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে পায়নি বায়ার্ন। চোটের কারণে মাঠে নামতে পারেননি বায়ার্ন স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। বুন্দেসলিগায় এ মৌসুমে ২৬ গোল করে অবামেয়াংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা লেভা, চ্যাম্পিয়নস লিগেও করেছেন ৭ গোল। সেই লেভা আজ খেলবেন বলেই মনে হচ্ছে। বায়ার্নের জন্য আপাতত স্বস্তির খবর বলতে এটাই।
লেভা ফিরছেন বলেই একটু দুশ্চিন্তায় থাকবে রিয়াল মাদ্রিদ। এমনিতেই পেপে আর রাফায়েল ভারানে চোটের কারণে না থাকায় রিয়ালের রক্ষণ নড়বড়ে দেখাচ্ছে কয়েক ম্যাচ ধরে। লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা জিতলেও দুটি গোল হজম করেছেন রামোস-কারভাহাল-নাচো-মার্সেলোরা। সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বশেষ চার ম্যাচে রিয়াল খেয়েছে ৬ গোল। এমন রক্ষণকে যদি লেভার মতো দুর্দান্ত ফর্মে থাকা কারও সামনে পড়তে হয়, কিছুটা দুশ্চিন্তা তো থাকবেই। এদিকে চোট থেকে সেরে না
ওঠায় গ্যারেথ বেলও এ ম্যাচে খেলতে পারছেন না।
বেল না থাকায় ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে বাড়তি দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য একটা প্রেরণাও আছে রোনালদোর সামনে। প্রথম লেগে জোড়া গোল করে ইউরোপিয়ান টুর্নামেন্টে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ উইঙ্গার। এই লেগে জোড়া গোল করতে পারলে শুধু চ্যাম্পিয়নস লিগেই তাঁর ১০০ গোল হয়ে যাবে।
রোনালদো কি পারবেন? এএফপি, রয়টার্স।