স্পেনের অনেক 'প্রথমের' ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম গোলের পর মোরাতার উদ্‌যাপন। পরশু তুরস্কের বিপক্ষে পরে আরও একটি গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার l এএফপি
প্রথম গোলের পর মোরাতার উদ্‌যাপন। পরশু তুরস্কের বিপক্ষে পরে আরও একটি গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার l এএফপি

২০টি ম্যাচের পরও ইউরোতে একটা অপূর্ণতা থেকেই যাচ্ছিল। কোনো দল তেমন দাপটের সঙ্গে জিততে পারেনি, এক ম্যাচে দুইয়ের বেশি গোল কেউ করতে পারেনি। সেই অপূর্ণতা ঘুচল পরশু, স্পেন স্পেনের মতো খেলে তুরস্ককে হারাল ৩-০ গোলে।
ভিসেন্তে দেল বস্কের দলের প্রতিভা নিয়ে কখনোই খুব সংশয় ছিল না। কিন্তু গোল করার লোক খুঁজে পাওয়াটাই যেন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যার সমাধান বোধ হয় স্পেন পেয়ে গেল। আলভারো মোরাতা পরশু এই ইউরোতে প্রথমবারের মতো জোড়া গোল করেছেন। ৩৪ মিনিটে নলিতোর ক্রস থেকে করেছেন প্রথম গোল। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে জর্ডি আলবার পাস থেকে গোলটা নিয়ে অবশ্য বিতর্ক আছে। রিপ্লেতে দেখা গেছে, আলবা অফসাইডে ছিলেন। তবে মোরাতার গোলটা নিয়ে কোনো সংশয় নেই। মোরাতা নিজের সাফল্যে উচ্ছ্বসিত, সমালোচকদের একটু খোঁচাও দিলেন, ‘ওরা বলেছিল এই দলের স্ট্রাইকাররা গোল দিতে পারে না। ছোটবেলা থেকে যে দলকে খেলতে দেখেছি, এখন তাদের হয়ে খেলাটা বেশ উপভোগ করছি। মনে হচ্ছে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
ম্যাচটিকে অনেক দিক দিয়েই ‘নতুন স্পেনের’ আগমনি হিসেবে দেখা যায়। মোরাতা তো আছেনই, স্পেনের হয়ে দ্বিতীয় গোল করা নলিতোও এবারের ইউরোতে দলে এসেই আলো ছড়াচ্ছেন। তবে দলের মধ্যমণি সেই আদি ও অকৃত্রিম আন্দ্রেস ইনিয়েস্তা, প্রথম ম্যাচের মতো পরশুও যেন রিমোট কন্ট্রোলে খেলাটা নিয়ন্ত্রণ করেছেন। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে স্প্যানিশ মিডফিল্ডারের হাতেই।
দেল বস্কের জন্য এই জয়টা বিশেষ কিছু। দুই বছর আগে লজ্জা নিয়েই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। এবার প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বে উঠল লা রোজারা। এটাই স্পেন কোচের কাছে সবচেয়ে তৃপ্তিদায়ক, ‘প্রথম লক্ষ্য পূরণ করতে পেরে ভালো লাগছে। আমরা ভালো খেলেছি এবং ধরতে গেলে ৯০ মিনিটই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল।’ তিন গোল পাওয়ার তৃপ্তিও গোপন রইল না তাঁর কথায়, ‘আপনি যদি ফিনিশই করতে না পারেন তাহলে বাকি সময় ভালো খেলাটা অর্থহীন হয়ে যায়।’ দেল বস্কের ধরনের সঙ্গে কথাটা কি বেমানান লাগছে?
তা লাগুক, প্রথম দুই ম্যাচ শেষে এবারের স্পেনকে লাল গোলাপের মতোই মনে হচ্ছে। হ্যাটট্রিক শিরোপা জয়ের কথাটা দেল বস্ক এখন অনুচ্চারে হলেও বলতে পারেন! এএফপি, রয়টার্স।