স্পেনের সঙ্গী ইতালিও
২০১৬ ইউরোর বাছাইপর্বে দল জয়ী টানা ছয় ম্যাচে, তবু পরশুর ম্যাচটির আগেও ভিসেন্তে দেল বস্ক চাপে ছিলেন। কারণ গোলখরা। আগের চার ম্যাচে যে মাত্র ৫ গোল করেছে স্পেন। কপালের নিত্যসঙ্গী ভাঁজরাশির দু-একটি কমেছে কি না বলা যাচ্ছে না, তবে স্পেন কোচ কিছুটা চিন্তামুক্ত তো হয়েছেনই। ঘরের মাঠে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়েই মূল পর্বের টিকিট পেয়ে গেছে টানা দুবারের ইউরো চ্যাম্পিয়নরা।
গত রাতে আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ইউরোর মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালিও। অন্য ম্যাচে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়েছে হল্যান্ড। তবে ডাচদের ইউরো-ভাগ্য নির্ভর করছে গত রাতে হয়ে যাওয়া চেক প্রজাতন্ত্র-তুরস্কের ম্যাচটার ফলের ওপর।
রয় হজসনের অতশত চিন্তার কিছু ছিল না। মূল পর্ব আগেই নিশ্চিত হওয়ায় পরশুর ম্যাচে একমাত্র কৌতূহল ছিল ইংল্যান্ড শতভাগ জয়ের ধারাটা ধরে রাখতে পারে কি না। হতাশ করেনি ইংলিশরা, ওয়েম্বলিতে এস্তোনিয়াকে হারিয়েছে ২-০ গোলে। লিখটেনস্টেইনের মাঠে একই ব্যবধানে জিতে মূল পর্বের আশা জিইয়ে রেখেছে ইব্রাহিমোভিচের সুইডেন।
দল জিতছে, সুন্দর ফুটবলও খেলছে, তবু স্পেনের সমালোচনা হচ্ছিল গোল না পাওয়ায়। পরশু সান্তি কাজোরলা ও পাকো আলকাসারের জোড়া গোলে ‘সুন্দর ফুটবলের দায়’ কিছুটা মেটাল স্পেন। ২০০৩ সালে জারাগোজাতে গ্রিসের কাছে হারের পর এ নিয়ে ইউরো বাছাইপর্বে ঘরের মাঠে টানা ৩২ ম্যাচে অপরাজিত ‘লা রোজা’দের। ম্যাচের পর টেলিভিশন এস্পানোলাকে কাজোরলা বললেন, ‘অবশেষে আমরা মূল পর্বে গেলাম। আমরা জানতাম, আত্মতুষ্টিতে ভোগা চলবে না। ভালো খেলেই জিতেছি।’
এমনিতেই হাসিটা গোঁফের নিচে মিলিয়ে যায়, পরশু বড় জয়ের পর ভিসেন্তে দেল বস্কের হাসিটাকে শুরুর আগেই আটকে দিল প্রথমার্ধে ডেভিড সিলভা ও আলভারো মোরাতার চোট। ইনিয়েস্তা-রামোসের সঙ্গে চোটের মিছিলে যোগ দিলেন এই দুজনও।
ওয়েম্বলিতে থিও ওয়ালকট ও রাহিম স্টার্লিংয়ের গোলে এস্তোনিয়াকে হারিয়ে বাছাইপর্বে এ পর্যন্ত নয় ম্যাচের সব কটিই জিতল ইংল্যান্ড। তাদের সামনে সুযোগ এখন ফ্রান্স (১৯৯২ ও ২০০৪), চেক প্রজাতন্ত্র (২০০০), স্পেন (২০১২) ও জার্মানির (২০১২) পর ষষ্ঠ দল হিসেবে ইউরো বাছাইয়ে শতভাগ জয়ের রেকর্ড গড়ার। স্যান মেরিনোকে ৭-০ গোলে বিধ্বস্ত করে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে চলে গেছে সুইজারল্যান্ডও। এএফপি, উয়েফা।
এক নজরে ফল
স্পেন ৪ : ০ লুক্সেমবার্গ
ইংল্যান্ড ২ : ০ এস্তোনিয়া
আজারবাইজান ১ : ৩ ইতালি
কাজাখস্তান ১ : ২ হল্যান্ড
লিখটেনস্টেইন ০ : ২ সুইডেন
সুইজারল্যান্ড ৭ : ০ স্যান মেরিনো
মলদোভা ১ : ২ রাশিয়া
স্লোভাকিয়া ০ : ১ বেলারুশ
মন্টেনেগ্রো ২ : ৩ অস্ট্রিয়া
* স্বাগতিক দল প্রথমে