স্পেনের সামনে চেনা ইতালি
ইকার ক্যাসিয়াস বিশ্বাস করেন, স্পেনের ফুটবল ইতিহাসে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। না, প্রথমবার ইউরো জয়ের দিনটা নয়, এমনকি নয় বিশ্বকাপ জয়ের দিনটাও! ক্যাসিয়ারের মতে, স্পেনের ফুটবল ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ২০০৮ সালের ২২ জুন। ভিয়েনায় ইউরোর কোয়ার্টার ফাইনালে যে ম্যাচে ইতালিকে টাইব্রেকারে হারিয়েছিল স্পেন!
কেন, সেই ব্যাখ্যাও আছে ক্যাসিয়াসের কাছে। বড় মঞ্চে এর আগে স্পেন কোনো দিন ইতালিকে হারাতে পারেনি। না বিশ্বকাপে, না ইউরোতে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একরকম ভয়েরই ছিল স্পেনের কাছে। ভিয়েনার সেই ম্যাচে টাইব্রেকারে জেতার পর স্পেনের ওই মানসিক বাধাটা কেটে গেছে। এতটাই যে, সেই জয়ে উদ্বুদ্ধ হয়ে পরে ওই বছর ইউরোও জিতে নিয়েছে স্পেন। আর সেই ইউরো জয় দিয়েই তো স্পেনের বিশ্ব ফুটবলে পরাশক্তি হয়ে ওঠা। দুই বছর পর বিশ্বকাপ এবং তারও দুই বছর পর আবারও একটা ইউরো জয়! সেবারও ফাইনালে প্রতিপক্ষ ছিল ইতালি। ভিয়েনার সেই জয়েই বদলে গিয়েছিল সবকিছু। ক্যাসিয়াস ওই দিনটাকে এত গুরুত্বপূর্ণ তো ভাববেনই।
সেদিন যে দলের বিপক্ষে জিতে স্পেনের এই বদলে যাওয়া, সেই ইতালিই আরেকবার স্পেনের সামনে। সেন্ট ডেনিসে আজ ইউরোর শেষ ষোলোয় মুখোমুখি দুই চেনা প্রতিপক্ষ।
চেনা এই কারণে, ভিয়েনার সেই ম্যাচের পর ইতালির বিপক্ষে বড় মঞ্চে বেশ নিয়মিতই দেখা হচ্ছে স্পেনের। ২০১২ ইউরো শুরু হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে, ফাইনালেও সেই স্পেন-ইতালি। এরপর ২০১৩ ফিফা কনফেডারেশনস কাপে আরও একবার। এর মাঝে আরও তিনটি প্রীতি ম্যাচ তো আছেই। এই ইউরোতে অবশ্য একটু আগেই দেখা হয়ে যাচ্ছে দুই দলের। ইতালির দুর্ভাগ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি স্পেন!
সব মিলিয়ে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য দারুণ সমতা। ৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ইতালি-স্পেন, দুই দলই জিতেছে ১০টি করে ম্যাচ, ড্র হয়েছে বাকি ১৪টি। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে স্পেন বেশ এগিয়ে। ইতালির বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের একটিই হেরেছে স্পেন—২০১১ সালের প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের বিপক্ষে ইতালির সর্বশেষ জয়টা সেই ১৯৯৪ বিশ্বকাপে। দিনো আর রবার্তো বাজ্জোর গোলে ২-১ ব্যবধানে জিতেছিল ইতালি।
সাম্প্রতিক পরিসংখ্যানটা ইতালির সব খেলোয়াড়েই জানেন। তবে সেটি মাথায় রেখেও এবার স্পেনের বিপক্ষে নতুন কিছু করার প্রত্যাশা ডিফেন্ডার জর্জো কিয়েলিনির, ‘এক দিক থেকে বলতে গেলে ওরা আমাদের জন্য উৎপাত হয়ে উঠেছে। তবে আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি, হিসাব বদলে দেওয়া কঠিন হবে না।’
দলটি ইতালি বলেই ম্যাচটিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না স্পেন মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাস, ‘ওরা যেভাবে খেলে, যেকোনো দলের সামর্থ্যের সবটুকু দিতে হয় ওদের বিপক্ষে। আমাদেরও তা-ই দিতে হবে।’
টানা তৃতীয়বারের মতো ইউরো জেতার স্বপ্ন সত্যি করতে হলে এ ছাড়া অবশ্য কোনো বিকল্পও নেই স্প্যানিয়ার্ডদের! এএফপি, রয়টার্স।
বৈপরীত্য
গ্রুপের তিনটি ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছে স্পেন। ইতালির হয়ে তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মাত্র দুজন—আন্দ্রেয়া বারজাল্লি ও লিওনার্দো বোনুচ্চি।