বিশ্বকাপে হারের প্রতিশোধ কি আর প্রীতি ম্যাচে জয় দিয়ে হয়? হল্যান্ডের কাছে ৫-১ গোলের সেই হার স্পেনের কাছে চিরকালীন ক্ষত হয়েই থাকবে। তবে পরশু রাতে আমস্টারডাম অ্যারেনায় ম্যাচটা জিততে পারলে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়তে পারত। ভিসেন্তে দেল বস্কের দলকে সেই সুযোগটাই দিল না হল্যান্ড। উল্টো ২-০ গোলে ম্যাচ জিতে স্পেনের কাটা ঘায়ে দিল নুনের ছিটা।
স্পেনের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায় খেলা শুরুর মিনিট পনেরোর মধ্যেই। ১৩ মিনিটে ওয়েসলি স্নাইডারের ক্রস থেকে স্টেফান ডি ভ্রাইয়ের হেডে এগিয়ে যায় ডাচরা। তিন মিনিট পরই ব্যবধান বাড়ান ডেভি ক্লাসেন। তাঁর প্রথমবার নেওয়া শট ফিরিয়ে দিয়েছিলেন স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ফেরাতে পারেননি ফিরতি শট। জাতীয় দলের জার্সিতে আয়াক্স মিডফিল্ডার ক্লাসেনের এটা প্রথম গোল। ৫৪ মিনিটে ব্রুনো মার্টিনস ইন্ডি হেডে সহজ গোলের সুযোগ নষ্ট না করলে হল্যান্ডের জয়ের ব্যবধান আরও বাড়ত। ২০০৮ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একই দলের কাছে দুবার হারলেন ভিসেন্তে দেল বস্ক। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর স্পেন হারল ইউরোপের তিন পরাশক্তি ফ্রান্স, জার্মানি ও হল্যান্ডের কাছে।
শুরুতেই গোল খেয়ে যাওয়াটাকে হারের বড় কারণ বলে মনে করেন স্পেনের কোচ দেল বস্ক, ‘মনে হচ্ছিল, গোল করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। প্রথম ২০ মিনিটের খেসারতই আমাদের বাকি ম্যাচে দিতে হয়েছে। পরে আমরা খেলার নিয়ন্ত্রণ নিয়েছি, প্রভাব বিস্তার করেছি এবং গোলের সুযোগও তৈরি করেছি। শুধু গোলটাই পেলাম না।’
জয়টা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করেন ডাচ কোচ গাস হিডিঙ্ক। বিশ্বকাপের পর ৮ ম্যাচ খেলে এ নিয়ে মাত্র তৃতীয় জয় পেল হল্যান্ড। তবে তার পরও কোচ হিসেবে কোনোরকম চাপে থাকার কথা স্বীকার করেননি হিডিঙ্ক, ‘আমার জন্য এ জয় স্বস্তির কি না? না। কারণ আমি মনে করি না আমার ওপর কোনো চাপ আছে। হ্যাঁ, আমারও সমালোচনা হয়েছে। কিন্তু সাংবাদিকদের কাজই তো খোঁচানো।’
একই রাতে তুরিনে অন্য এক প্রীতি ম্যাচে ইতালির সঙ্গে ১-১ ড্র করেছে ইংল্যান্ড। ২৯ মিনিটে গ্রাজিয়ানো পেল্লের গোলে এগিয়ে যায় ইতালি। তবে ৭৯ মিনিটে ইংল্যান্ডের হয়ে সমতা ফেরান বদলি হিসেবে নামা টটেনহাম উইঙ্গার আন্ড্রোস টাউনসেন্ড।
তেল আবিবের রামাত জান স্টেডিয়ামে ইউরোর বাছাইপর্বে স্বাগতিক ইসরায়েলকে ১-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচের ১০ মিনিটে একমাত্র গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি। এএফপি, ইএসপিএন।