স্পেনের হঠাৎ এ কী হলো!

এমন অনেক কিছুই হয়েছে, যা কেউ ভাবেনি আগে। এমন অনেক কিছু হচ্ছে, যা কেউ আগে ভাবেনি! অবিশ্বাস্য সব ফুটবল-কীর্তি গড়তে গড়তে স্পেনের সব ভেলকি যেন শেষ। ইতিহাসের একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপা-ত্রয়ী জেতা স্পেন বিশ্বকাপের প্রথম রাউন্ডে লজ্জাজনক বিদায়ের পর আরেক হতাশার অধ্যায় জন্ম দিয়েছে গতকাল। র্যাঙ্কিংয়ের ৪০ নম্বরে থাকা স্লোভাকিয়ার কাছে হেরে গেছে। ইউরো বাছাইপর্বে ২০০৬ সালের পর এই প্রথম হারল স্পেন।
২০০৬ সালের ওই পরাজয়ের পর সেই বছর নভেম্বর থেকে তিন বছর টানা ৩৫টি ম্যাচে অপরাজেয় ছিল স্পেন। সেই স্পেন সর্বশেষ ৫টি প্রতিযোগিতামূলক ম্যাচের তিনটিতেই হারল। সর্বশেষ স্লোভাকিয়ার কাছে ২-১ গোলের এই পরাজয়ের পর প্রশ্ন উঠেছে, স্পেনের হলোটা কী? কী করবে স্পেন? ইকার ক্যাসিয়াসকে বাদ দেবে? ডিয়েগো কস্তাকে ব্রাজিলের জার্সিতেই ভাগ্য খুঁজতে বলবে? নাকি বাদ দেবে বিশ্বকাপ-ইউরো জেতানো কোচ ভিসেন্তে দেল বস্ককেই!
কাল ম্যাচের শুরুর দিকে এক হাতে দুর্দান্ত এক সেভ করলেও ১৭ মিনিটে ফ্রি কিক থেকে যেভাবে গোল হজম করলেন, ক্যাসিয়াসের জন্য সেটা সত্যিই ন্যক্কারজনক। বল ক্যাসিয়াসের দিকেই ধেয়ে আসছিল। জায়গায় নিশ্চল দাঁড়িয়ে থাকলেও হয়। অথচ তিনি কিনা ফ্লাইট বুঝতে না পেরে ঝাঁপ দিলেন ডানে। মাঝখান দিয়েই ঢুকে গেল বল! সেই গোল শোধ করতে ৮২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্পেনকে। কিন্তু ড্রটাও জুটল না স্পেনের কপালে। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে জোরালো হেডে ২-১ করে ফেলেন চেলসির সাবেক মিডফিল্ডার মিরোস্লাভ স্তচ। নামটা ক্যাসিয়াসের জন্যই এই গোলটাও চোখে বিঁধেছে।
ম্যাচ শেষে দেল বস্ক অবশ্য ক্যাসিয়াস-কস্তা দুজনের পক্ষেই সাফাই গেয়েছেন। ক্যাসিয়াসের ওপর এখনো তাঁর আস্থা। আর কস্তার ওপর আস্থা রাখতে চান আরও। বস্ক এ-ও বলেছেন, এতে ঘাবড়ানোর কিছু নেই। ইউরো বাছাইপর্বের সহজ সমীকরণের কারণে হয়তো আসলেই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বিশ্বকাপ থেকেই স্পেন যেভাবে খোঁড়াচ্ছে, সোনালি প্রজন্মের বিদায়ের শেষ লগ্নে স্পেনের সোনালি সুদিনেরও ইতি ঘটে গেল কি না, সেটাই এখন দেখার!