স্পেন-সেরা গ্রিজমান
তাহলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকেও কেউ পুরস্কার জেতেন!
সময়ের সেরা দুই ফুটবলারকে যিনি টপকে গেছেন, তাঁর নামটি অবশ্য প্রত্যাশিতই—আঁতোয়ান গ্রিজমান। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্প্যানিশ লিগের মৌসুম-সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ভ্যালেন্সিয়ায় পরশু পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে ছিল অ্যাটলেটিকোরই জয়জয়কার। সেরা কোচ হয়েছেন ডিয়েগো সিমিওনে, সেরা গোলকিপার ইয়ান ওবলাক, আর সেরা ডিফেন্ডার ডিয়েগো গডিন। এর বাইরে মেসি জিতেছেন লিগের সেরা ফরোয়ার্ডের পুরস্কার। আর সেরা মিডফিল্ডার হয়েছেন লুকা মডরিচ, সেরা অ-ইউরোপীয় খেলোয়াড় লুইস সুয়ারেজ।
তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বার্সেলোনার খেলোয়াড়েরা না আসায়। পরশু কোনো অনুশীলন ছিল না তাঁদের, তবু অনুষ্ঠান বয়কট করেছেন। যার কারণ, কোচ লুইস এনরিকের মনোনীত না হওয়া। গত মৌসুমে বার্সেলোনাকে লিগ জেতালেও সেরা কোচের মনোনয়নের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না এনরিকে। মেসি ও সুয়ারেজের পুরস্কার দুটি নিয়েছেন বার্সার প্রতিনিধি কার্লেস রেক্সাস। এএফপি, ডেইলি মেইল।