স্প্যানিশ গোলরক্ষকদের দুঃসময়!

দুই বছর আগেও ইউরোপিয়ান ফুটবলে দাপুটে উপস্থিতি ছিল স্প্যানিশ গোলরক্ষকদের। ইকার ক্যাসিয়াস তো ছিলেন এই ধরণিরই সেরা গোলরক্ষক। পেপে রেইনা মাতিয়েছেন লিভারপুলের মাঠ। মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়লেও ভিক্টর ভালদেস ছিলেন বার্সেলোনার মূল রক্ষাকবচ। কিন্তু এখন স্প্যানিশ গোলরক্ষকেরা পড়ে গেছেন অনিশ্চয়তার মুখে। দারুণ পারফরম্যান্স দেখানো তো দূরের কথা, নিয়মিত খেলতে পারবেন কি না, সেটা নিয়েই চলছে অনিশ্চয়তা।
২০১২-১৩ মৌসুমে ইনজুরির কবলে পড়ে রিয়াল মাদ্রিদের ১ নম্বর গোলরক্ষকের অবস্থানটা হারিয়েছিলেন ক্যাসিয়াস। গত মৌসুমে খেলেছেন শুধু চ্যাম্পিয়নস লিগে। এবারের মৌসুমেও ক্যাসিয়াসকে প্রথম একাদশে জায়গা পেতে জোর লড়াই লড়তে হবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসের সঙ্গে।
রিয়ালের আরেক স্প্যানিশ গোলরক্ষক ডিয়েগো লোপেজ তো ক্ষুব্ধ হয়েই পাড়ি জমাতে যাচ্ছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। রিয়ালের হয়ে যে নিয়মিতভাবে আর খেলতে পারবেন না—সেটা বুঝেই এসি মিলানের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছেন লোপেজ। সেখানে তাঁর ভাগ্যে কী আছে, সেটাও আপাতত জানার উপায় নেই।
পেপে রেইনাকে যে এবারের মৌসুমেও ডাগআউটেই বসে থাকতে হবে—সেটা প্রায় নিশ্চিত। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারজয়ী ম্যানুয়েল নয়্যারের পরিবর্তে নিশ্চয়ই রেইনাকে খেলাবেন না বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। অথচ এই রেইনাই লিভারপুলের জার্সি গায়ে টানা তিনবার জিতেছিলেন প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার। ২০০৯-১০ মৌসুমে লিভারপুলের বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন এই স্প্যানিশ গোলরক্ষক।
বার্সেলোনার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেস তো এখনো খুঁজেই পাননি তাঁর নতুন ঠিকানা। বার্সেলোনা থেকে বিদায়ের পর এখনো দলহীন হয়ে আছেন তিনি।
ভালো অবস্থায় আছেন শুধু স্পেনের তরুণ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ২৩ বছর বয়সী ডি গিয়াই নিয়মিতভাবে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। আগামীতে হয়তো স্পেনের ১ নম্বর গোলরক্ষক হিসেবেও দেখা যেতে পারে ডি গিয়াকে। এএফপি, গোল ডটকম।