স্প্যানিশ লিগে এক তরুণ কাতারি

কাতার কখনো বিশ্বকাপ খেলেনি। এশিয়ান কাপের ফাইনালেও তাদের ওঠা হয়নি। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। এই আয়োজনভার পাওয়া নিয়ে ফুটবল বিশ্বে কম হইচই অবশ্য হয়নি। যাই হোক, বিশ্ব ফুটবলে কাতার এখনও অভিজাত কোনো নাম নয়। তবে এই দেশটিরই এক খেলোয়াড় লা লিগায় জায়গা করে নিয়ে গড়ে ফেললেন ইতিহাস।
আলোচিত এই ফুটবলারের নাম আকরাম আফিফ, বয়স মাত্রই ১৯। তাঁর সঙ্গে চুক্তি করেছে স্পেনের ক্লাব ভিয়ারিয়াল, যারা এ মৌসুমে লা লিগায় চতুর্থ স্থান নিশ্চিত করে জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে।
কাতারের বিখ্যাত ক্লাব আল-সাদের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু আফিফের। ভিয়ারিয়ালের সঙ্গে তাঁর চুক্তির খবরটা নিশ্চিত করেছেন বর্তমানে আল-সাদের হয়ে খেলা বার্সেলোনার সাবেক স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজ। জাভিই টুইটারে জানিয়েছেন, ‘আগামী মৌসুমে আফিফের দলবদলের ব্যাপারে একমত হয়েছে ভিয়ারিয়াল ও আল-সাদ।’ ভিয়ারিয়াল নিজেদের ওয়েবসাইটেও ব্যাপারটি নিশ্চিত করেছে।
দোহায় জন্ম নেওয়া আফিফ কিন্তু স্প্যানিশ ফুটবলে একেবারেই আগন্তুক হয়ে যাবেন না। এরই মধ্যে তিনি খেলে ফেলেছেন সেভিয়া ও ভিয়ারিয়ালের যুব দলে। আল-সাদ থেকেই ২০১২ সালে খেলতে গিয়েছিলেন সেভিয়া যুবদলে। পরের বছর ধারে খেলেন ভিয়ারিয়ালের যুব দলে। যুবস্তরের বাইরে ইউরোপীয় ফুটবলের কঠিন রূপটিও তাঁর চেনা। ২০১৫ থেকেই খেলছেন বেলজিয়ামের ক্লাব কেএএস ইউপেনে। ইউপেনের মালিক আবার কাতারি প্রতিষ্ঠান অ্যাসপায়ার। কাতারে ক্রীড়াবিদ তৈরিতে এই অ্যাসপায়ারের আছে বিরাট কর্মউদ্যোগ। প্রথম কাতারি ফুটবলার হিসেবে আফিফের লা লিগায় পা রাখাটা হবে অ্যাসপায়ারের কর্মযজ্ঞের বিরাট এক সাফল্য।
ইউপেনের হয়ে আফিফের সময়টা একেবারে মন্দ কাটছে না। এই মৌসুমেই ১৬টি ম্যাচে মাঠে নেমে তিনি গোল করেছেন ৬ টি। সম্প্রতি বেলজিয়ামের ফুটবলের সর্বোচ্চ স্তরে উঠে যাওয়া এই ইউপেন আফিফের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ যে তাঁর ভিয়ারিয়াল যাত্রায় তাদের একটু মন খারাপ। তবে আফিফের ফুটবল ক্যারিয়ারের এই অর্জনকে আবার স্বাগতই জানিয়েছে ইউপেন, ‘আফিফ ইউপেন ছেড়ে দিচ্ছে—ব্যাপারটা আমাদের ব্যথিত করছে। তবে তাঁর এই অর্জনকে আমরা স্বাগত জানাই। তাঁর সাফল্যই কামনা করি আমরা।’
আফিফের কাছে ইউপেন অবশ্য তাঁর জীবনের অন্যতম সেরা একটি অধ্যায়। আর যেদিন তিনি কাতার জাতীয় দলের জার্সিটি গায়ে চাপিয়েছিলেন, সেটি তো তাঁর কাছে বিশেষ কিছু। ঘটনাচক্রে ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভুটানকে ১৫-০ গোলে হারিয়েছিল কাতার। আর কয়েকমাস পরে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা। আফিফ কাতারকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিয়ে যেতে ভূমিকা রাখতে পারবেন কি না সেটি সময়ই বলবে।
তবে প্রথম কাতারি হিসেবে লা লিগায় তাঁর খেলার সুযোগ পাওয়া কাতারের জন্য গর্বেরই। এর আগে অবশ্য বেশ কয়েকজন কাতারি ফুটবলার ইউরোপের বিভিন্ন লিগে খেলেছেন। ২০০৫ সালে হুসেইন ইয়াসির নামের এক ফুটবলার ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে তুলেছিলেন। কিন্তু প্রিমিয়ার লিগে তাঁর খেলা হয়নি। লিগ কাপে ডোনেস্টার রোভার্সের হয়ে একটি ম্যাচ খেলার স্মৃতি নিয়েই তাঁকে ফিরতে হয়েছিল দেশে। সূত্র: এএফপি।