স্প্যানিশ-রাজের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুল ‘বেরসিকের’ মতো ইউরোপা লিগের ফাইনালে না উঠলেই হতো! চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মাদ্রিদ ডার্বি আর ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া-ভিয়ারিয়াল—ইউরোপিয়ান ফুটবলে এবারের মৌসুমটাও স্পেনময় হতো। কিন্তু বেশ কয়েক বছর ধরে ইউরোপিয়ান ফুটবলে স্পেনের ক্লাবগুলোর এমন আধিপত্যের রহস্য কী?
সেটা জানার আগে একটু অতীতে ফিরে যাওয়া যাক। ২০০০ সাল থেকে চ্যাম্পিয়নস লিগ স্প্যানিশ ফাইনালিস্ট পেয়েছে ১২ বার। অন্য যেকোনো লিগের চেয়ে যেটি বেশি। আর ২৮ মেতে জিততে যাচ্ছে স্পেনেরই একটি দল। এ সময়ে স্প্যানিশ দলগুলোর সেটি হবে অষ্টম শিরোপা। গত ১৬ বছরে শুধু বার্সেলোনাই জিতেছে চারবার। রাইকার্ড-গার্দিওলার সাফল্যের পর স্বাদ পেয়েছেন লুইস এনরিকেও। রিয়াল মাদ্রিদও এবার জিতলে ছুঁয়ে ফেলবে বার্সাকে। আর অ্যাটলেটিকোর সামনে প্রথমবার সেই জয়ের হাতছানি। আর সেভিয়া তো ইউরোপা লিগের হ্যাটট্রিক শিরোপা থেকে মাত্র একটা জয় দূরে।
মার্কার সাংবাদিক সান্তিয়াগো সেগুরোয়া ব্যাপারটা দেখছেন অন্য দৃষ্টিকোণ থেকে, ‘স্প্যানিশ ফুটবলের সবচেয়ে মজার দিক হচ্ছে এর বৈচিত্র্য। নতুন প্রজন্মের একঝাঁক কোচ আছে এখানে। লা লিগায় বিভিন্ন ঘরানা এসে মিলেছে, ইউরোপের অন্য কোথাও এ রকম দেখা যায় না। স্প্যানিশ ফুটবলের কাঠামোয় কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু সবকিছুর পরও ইউরোপিয়ান প্রতিযোগিতার জন্য এটিই এখন সবচেয়ে আদর্শ গবেষণাগার।’ আরেক স্প্যানিশ দৈনিক এএস-এর সাংবাদিক আলফ্রেডো রেলানো মনে করিয়ে দিয়েছেন, ‘স্পেন ইউরোপের বাকিদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। শুধু ইউরোপ নয়, দক্ষিণ আমেরিকারও লা লিগার ওপর বড় প্রভাব আছে। একঝাঁক দক্ষ কোচ আছে এখানে।’
ইউরোপিয়ান প্রতিযোগিতায় গত ৫০টি নকআউট ম্যাচের ৪৭টিই জিতেছে স্পেনের ক্লাবগুলো। ভিয়ারিয়ালের কাছে দুই দিন আগে লিভারপুলের হারটা ২০০৯ সালের পর কোনো ইংলিশ দলের কাছে স্প্যানিশদের মাত্র দ্বিতীয় পরাজয়। তার আগে ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগে চেলসি হারিয়েছিল বার্সেলোনাকে। অথচ উপার্জনের দিক দিয়ে ইংল্যান্ডের ক্লাবগুলো থেকে অনেকটা পিছিয়ে আছে স্পেনের ক্লাবগুলো।
ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির বিচারে মানের দিক দিয়ে এগিয়ে স্পেনের ফুটবল, ‘আমি সব সময়ই বলেছি প্রিমিয়ার লিগই সেরা। দর্শক-কাঠামোসহ আরও অনেক কারণ আছে। কিন্তু সবচেয়ে ভালো ফুটবল খেলা হয় স্পেনেই।’ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের কথাটাই তাই অনেকের কাছে যুক্তিযুক্ত মনে হতে পারে, ‘কেউ যদি বলে প্রিমিয়ার লিগ সবচেয়ে বেশি উপার্জন করায় তারা সবচেয়ে শক্তিশালী, তাহলে সেটা ঠিক। কিন্তু এটা একটা সংখ্যা, আমার মনে হয় না ওটা সেরা। আর্থিক ও মাঠের ফলের ভারসাম্য করলে দেখবেন লা লিগাই বিশ্বের সেরা।’
অন্য সময় যা-ই হোক না কেন, এ মুহূর্তে অন্তত তেবাসের সঙ্গে দ্বিমত করা মুশকিল! রয়টার্স।