
অন্য সময় হলে টাইব্রেকারের সময় সতীর্থদের সারিতে দাঁড়াতেন। কিন্তু পরশু ক্রিস্টিয়ানো রোনালদোকে একটু বেশিই চাপ ঘিরে ধরেছিল কি না কে জানে, হাঁটু গেড়ে বসে রইলেন সতীর্থদের সেই সারির পেছনে। হয়তো সরাসরি দেখতে চাইছিলেন না। সতীর্থদের পায়ের ফাঁক দিয়েই দেখছিলেন কী হচ্ছে টাইব্রেকারে। ভাগ্যপরীক্ষার খেলায় নিজেই দলের প্রথম শটে গোল করে এসেছেন, তবু যেন বাদ পড়ার ভয়-শঙ্কা ঘিরে ধরছিল রোনালদোকে।
ইয়াকুব বোয়াশচিকোফস্কির নেওয়া পোল্যান্ডের চতুর্থ শট পর্তুগাল গোলকিপার ঠেকিয়ে দিতেই মেঘে ঢাকা মুখটাতে হাসি খেলে গেল। স্বভাবসুলভ ভঙ্গিতে মুষ্টিবদ্ধ হাতে ‘ছোট্ট’ উদ্যাপনও সেরে নিলেন। সেটি ঘটা করে হলো কিছুক্ষণ পর, পর্তুগালের পঞ্চম শটটি রিকার্দো কারেসমা জালে জড়িয়ে দিতেই শুরু হলো দিগ্বিদিক দৌড়। একে-ওকে জড়িয়ে ধরছেন; মাঠের যে প্রান্তটিতে নিজেদের সমর্থক সেখানে গিয়েও উদ্যাপনের ভঙ্গিতে কিছু একটা বললেন। এটাই কি, ‘অপেক্ষা করো, আর মাত্র দুটি ম্যাচ!’
টাইব্রেকারে পোল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে পরশু ইউরোর সেরা চারে উঠে গেছে রোনালদোর পর্তুগাল। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষেও ছিল ১-১ গোলের সমতা। এরপর টাইব্রেকারেও ৩-৩ সমতার পর পোল্যান্ডের চতুর্থ শটে বোয়াশচিকোফস্কি ডুবিয়ে দেন দলকে। পঞ্চম শটে পর্তুগালের সেমিফাইনাল নিশ্চিত করেন কারেসমা। সেমিফাইনাল আর ফাইনাল, স্বপ্নপূরণ থেকে আর দুটি ধাপ দূরে রোনালদো।
জয়ের পর পর্তুগাল অধিনায়ক সেটি অন্যভাবে বলেছেনও, ‘অভিনন্দন সবারই প্রাপ্য। স্বপ্নের আরেকটু কাছে চলে এলাম। এখন যেকোনো কিছুই ঘটতে পারে।’ পর্তুগাল চাইবে, সেই ‘কিছু’টা হবে শিরোপা।
রোনালদোর নিজেরও কি নয়? ক্যারিয়ারে এত অর্জন, এত ইতিহাস রাঙানো মুহূর্ত; কিন্তু এখনো জাতীয় দলের হয়ে কিছু জেতা হয়নি। বয়সও হয়ে গেছে ৩১। ক্যারিয়ারে গোধূলির আভাসও হয়তো পাচ্ছেন। শেষের আগে পর্তুগালের হয়ে একটা শিরোপা চাইছেন তিনিও, ‘কোনো শিরোপার অভাব ঠিক বোধ করি না। ক্যারিয়ারটা আজই শেষ হয়ে গেলেও আমি গর্বিতই থাকব। তবে আগেও বলেছি, কখনো লুকাইওনি, জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে চাই।’
অধিনায়কের চাওয়াই পর্তুগালের ভরসা। যদিও টুর্নামেন্টে এক হাঙ্গেরি ম্যাচ ছাড়া গোলের সামনে স্বরূপে ছিলেন না পর্তুগিজ যুবরাজ। পরশুও বেশ সহজ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি, স্বাভাবিক দিনে যেগুলোকে হয়তো চোখ বন্ধ করেও জালে পাঠিয়ে দিতে পারতেন। ইউরোতে মিশেল প্লাতিনির সর্বোচ্চ ৯ গোলের রেকর্ডটা তাই এখনো ১ গোল দূরে রয়ে গেল।
তবে রোনালদো না পারলেও পরশু পর্তুগালকে উদ্ধার করেছেন টুর্নামেন্টের বিস্ময় রেনাতো সানচেস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়া পর্তুগালকে ৩৩ মিনিটে দুর্দান্ত গোল করে সমতায় ফিরিয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার। নানির সঙ্গে দারুণ ‘ওয়ান-টু’র পর বক্সের বাইরে থেকে করা বাঁ পায়ের শটটির জন্য ম্যাচের পর রোনালদোদেরও ছাপিয়ে আলোচনায় উঠে এল তাঁর নাম।
অথচ আলোচনায় থাকতে পারতেন লেভানডফস্কিও। টুর্নামেন্টে এর আগে গোল পাননি পোল্যান্ড অধিনায়ক। পরশু খরাটা কাটালেন টুর্নামেন্টের দ্রুততম গোল করে, ১ মিনিট ৪০ সেকেন্ডে। কিন্তু অধিনায়কের গোলে ফেরার দিনেই হারল পোল্যান্ড। দলের কোচ অ্যাডাম নাভালকা অবশ্য এখান থেকে প্রেরণাই নিচ্ছেন, ‘আমার মনে হয়, এটা শেষ নয়, বরং নতুন শুরু। টুর্নামেন্টে আমরা দারুণ ফুটবল খেলেছি, সব সময় আরও ভালো করার চেষ্টা করেছি। আশা নিয়েই সামনের দিকে তাকাচ্ছি।’
জেতার পর পর্তুগালের দৃষ্টিও সামনে! এএফপি।