স্বপ্ন এখনো দেখছে হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ড-কাজাখস্তানের মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স।
হল্যান্ড-কাজাখস্তানের মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স।

ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে খেলা হবে কিনা, এ নিয়ে বিনিদ্র ডাচ সমর্থকেরা। বাছাইপর্বের শুরু থেকে বারবার ধাক্কা খেতে থাকা হল্যান্ড অবশ্য এখনো চূড়ান্তপর্বের প্রত্যাশা করে যাচ্ছে। গতরাতে কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে কমলা-বাহিনী।
বাছাইপর্বে গ্রুপের সেরা দুই স্থানে থাকা হয়নি। এখন সবগুলো গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা হয়ে চূড়ান্তপর্বে যাওয়ার জন্য এই মুহূর্তে জয় ছাড়া কোনো বিকল্প নেই ডাচদের সামনে। কাজাখদের বিপক্ষে কালকের ম্যাচটি তাই ছিল অনেকটাই জীবন-মরণ। জীবন-মরণ লড়াইটা অবশ্য হল্যান্ড লড়েছে সর্বস্ব দিয়েই। প্রথম থেকেই আক্রমণে ঝাঁপানো এই ম্যাচে ফলটাও এসেছে তাই হাতে-হাতেই।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হল্যান্ড অবশ্য গোল পায় ম্যাচের ৩৩ মিনিটে। বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে গোল করেন জর্জিনিও ভিনালডাম। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েসলি স্নাইডার। ক্লাস-ইয়ান হান্টেলারের বাড়িয়ে দেওয়া বলটি ধরে কোনো ভুল করেননি অভিজ্ঞ স্নাইডার।
ম্যাচের শেষ দিকে কাজাখস্তান অবশ্য একটি গোল ফিরিয়ে দিয়েছিল। কিন্তু হল্যান্ডকে বিপাকে ফেলতে সে গোল যথেষ্ট প্রমাণিত হয়নি। কাজাখস্তানের পক্ষে গোলটি করেন ইসলামবিক কুয়াত। এই জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট তুলে আপাতত ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে গত বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী হল্যান্ড। এই গ্রুপের প্রথম দুটি স্থান দখল করে ইতিমধ্যেই ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র ও আইসল্যান্ড। সূত্র: রয়টার্স।