
তাসখন্দে উজবেকিস্তানকে হারাতে পারেনি দক্ষিণ কোরিয়া। তবে গোলশূন্য ড্র করেই টানা নবমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে উঠে গেছে তারা। এশিয়া থেকে আগেই রাশিয়া-যাত্রা নিশ্চিত করে ফেলা জাপানকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে উঠেছে সৌদি আরবও। তবে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েও অপেক্ষায় থাকতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আগামী মাসে এশিয়ান প্লে-অফ খেলতে হবে সকারুদের। তাতে প্রতিপক্ষ ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখা সিরিয়া।
সিরিয়া, ফুটবল আর বিশ্বকাপ। শব্দ তিনটি একসঙ্গে কানে এলে কেমন যেন উপলব্ধি হয়। ছয় বছর ধরে সিরিয়ার সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ যে গৃহযুদ্ধ। গৃহবিবাদ, আইএস—সবকিছু মিলিয়ে সিরিয়ার আকাশে শুধুই বারুদের গন্ধ! এমনকি নিজেদের দেশে খেলতেও পারেন না দেশটির খেলোয়াড়েরা। আন্তর্জাতিক ফুটবলে ঘরের ম্যাচগুলো মালয়েশিয়াতেই খেলেন তাঁরা। সিরিয়া থেকে তাঁদের পাড়ি দিতে হয় ১৪ হাজার মাইল। এই সিরিয়াই এখন বিশ্বকাপের মূলপর্ব থেকে মাত্র দুই ধাপ পেছনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই লেগের এশিয়ান প্লে-অফ জিতলে তারা চূড়ান্ত প্লে-অফে মুখোমুখি হবে কনক্যাকাফ অঞ্চলের চতুর্থ হওয়া দলের।
তেহরানে ইরানের বিপক্ষে জিতলে ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়ে সরাসরিই বিশ্বকাপে উঠে যেত সিরিয়া। পরশু প্রতিপক্ষের মাঠে ১৩ মিনিটে এগিয়েও যায় তারা। তবে ইরানের ফরোয়ার্ড সর্দার আজমাউনের জোড়া গোলে সিরিয়ান শিবিরে নেমে আসে হতাশা। বিশ্বকাপের মূলপর্বে খেলার আশার আলোটা যখন নিভতে যাচ্ছে তখনই আবার জ্বলে ওঠে দপ করে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিরিয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখা গোলটি করেছেন পাঁচ বছর পর দলে ফেরা ওমর আল সোমা।
সোমার ওই গোল সিরীয়দের কাছে যে কী সেটা বোঝা গেছে সেই সময়েই। সিরীয় ধারাভাষ্যকার আনন্দে কেঁদেই ফেলেছেন। ম্যাচ শেষে কেঁদেছেন খেলোয়াড়েরাও। দেশের পতাকা নিয়ে পুরো মাঠ ঘুরেছেন তাঁরা। আনন্দে আত্মহারা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাধারণ মানুষ, সেনাবাহিনীর সদস্য আর বিদ্রোহীরাও। আনন্দমিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে দেশটির মানুষ। ৩৪ বছর বয়সী সিরীয় সেনা সাঈদ এরেজির কাছে এই ড্র জয়ের সমান, ‘এটা আমাদের জয়ের স্বাদ দিয়েছে। দলের পারফরম্যান্সে আমরা খুব খুশি।’
রাজধানী দামেস্কের একটি কফির দোকানে বসে খেলা দেখেছেন ৩৫ বছর বয়সী লারা হান্না। আনন্দ প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন তিনি, ‘কী যে খুশি হয়েছি, সেটা বলে বোঝাতে পারব না। আশা করছি, পুরো সিরিয়ায় শান্তি বিরাজ করবে।’ রাজনৈতিক কারণে জাতীয় দলকে সমর্থন জোগাতে গিয়েও বিভক্ত যেন দেশটির জনগণ। তবে এমন অর্জনের পর বিভেদের সেই পর্দা যেন সরে গেছে। আবু বদর যেমন বলেছেন, ‘অবশ্যই শাসক আর বিরোধী পক্ষের সবাই জাতীয় দলের জয় চেয়েছে।’ এএফপি।
এশিয়া থেকে বিশ্বকাপে যারা
ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব