স্বপ্ন দেখছে সিরিয়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে গেছে। খেলা হচ্ছে যোগ করা সময়ে। গোল করতে পারেনি সিরিয়া, উজবেকিস্তান কোনো দলই। ম্যাচটা ড্র হলে সিরিয়ার বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রায় ফিকে যাবে। এমন সময়েই সিরিয়া পেয়ে গেল পেনাল্টি। আর তা থেকে পানেনকা স্টাইলে গোল করে গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ওমর খারবিন।
পরশু মালয়েশিয়ার ক্রুবংয়ে পাওয়া এই জয়ে ছয় ম্যাচে ৮ পয়েন্ট হলো সিরিয়ার। বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থানে আছে দলটি। এশিয়ার দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সুযোগ পাবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। দুই গ্রুপের তৃতীয় দলের সুযোগ আছে মহাদেশীয় প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে যাওয়ার।
পরশু কাতারকে ১-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ ইরান। চীনের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। ৯ পয়েন্ট নিয়ে তিনে উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে সমান ১৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে শীর্ষে সৌদি আরব, দুইয়ে জাপান। ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তিনে অস্ট্রেলিয়া। চারটি করে ম্যাচ বাকি দলগুলোর। রয়টার্স, বিবিসি।