‘প্লিজ, আমাদের বাড়িতে পাঠিয়ো না’—সমর্থকদের এমন অনুরোধ উপেক্ষা করতে পারলেন না বেল-রামসেরা। দুর্দান্ত গতি, প্রতি-আক্রমণ এবং একটি ‘ক্রুইফ টার্ন’-এর মিশেলে ওয়েলস হারিয়ে দিল বেলজিয়ামকে। সেই বেলজিয়াম, যাদের বলা হয় সোনালি প্রজন্ম, তাদের ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ওয়েলস। প্রমাণ করে দিল, ‘সোনালি প্রজন্ম’ অলংকারটি আসলে তাদেরই মানায়।
অভিষেকেই সেমিফাইনাল! গ্যারেথ বেল উচ্ছ্বাস ঢেকে রাখার কোনো চেষ্টাই করেননি, ‘অনুভূতিটি অসাধারণ। আমরা বিশ্বাস করতাম, আমরা পারব।’ ম্যাচের শুরুটা অবশ্য দিচ্ছিল অন্য কিছুর ইঙ্গিত। প্রথম ১০ মিনিটেই ৩ গোল পেতে পারত বেলজিয়াম। সেটি আসে ১৩ মিনিটে, রাজা নাইনগোলানের শটটি ঠেকানো সম্ভব ছিল না ওয়েইন হেনেসির পক্ষে। ২৮ মিনিটে

টানা তিনটি শটেও গোল পাননি হ্যাজার্ড-কারাসকোরা। ৩১ মিনিটে এটিরই মাশুল গুনতে হয়েছে, ওয়েলস অধিনায়ক অ্যাশলি উইলিয়ামসের গোলে আসে সমতা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একই দৃশ্য। প্রথম ৫ মিনিটেই অন্তত তিনটি সুযোগ হাতছাড়া করে বেলজিয়াম। একটু পরই সেই জাদুকরি মুহূর্ত। ৫৫ মিনিটে গ্যারেথ বেলের পাস অ্যারন রামসের কাছে, তাঁর পা ঘুরে বল রবসন-কানুর পায়ে। পোস্টের উল্টো দিকে বল, পাশে তিনজন বেলজিয়ান ডিফেন্ডার। এক ‘ক্রুইফ টার্নে’ই মেলে সমাধান। কোর্তোয়াকে কোনো সুযোগ না দিয়ে গোল।
এমন অসাধারণ একটি গোল করেও দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন ম্যাচসেরা রবসন-কানু, ‘ইউরোর বাছাইপর্বেই আমরা আন্ডারডগ ছিলাম, কিন্তু আমরা দলের মান নিয়ে নিশ্চিত ছিলাম। আজকের ম্যাচের নৈপুণ্যের ভাগীদার দলের সবাই।’
এ গোলের পরও ম্যাচে টিকে ছিল বেলজিয়াম। বেশ কিছু সুযোগও পেয়েছিল। কিন্তু কোচ মার্ক উইলমটসের ভুল কৌশলে উল্টো ৮৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। স্যাম ভোকসের ওই গোলটি উড়িয়ে দেয় ম্যাচের ফল নিয়ে সব অনিশ্চয়তা। তবে উইলমটস এখনো নিজের ভুল দেখছেন না, ‘পরিকল্পনা ভালোই ছিল, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগে সমস্যা ছিল। আমি তো জাদুকর নই।’
ক্রিস কোলম্যানের এ ধরনের কোনো সমস্যা নেই। তিনি তো দেশকে প্রথমবারের মতো ইউরোর সেমিফাইনালে উঠিয়ে রীতিমতো উড়ছেন, ‘স্বপ্ন! স্বপ্ন দেখতে কখনো ভয় করো না। কারণ, চার বছর আগে এ মুহূর্ত থেকে কল্পনারও বেশি দূরত্বে ছিলাম আমি। আজ দেখুন কী ঘটেছে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, স্বপ্ন দেখতে ও ব্যর্থ হওয়ার ভয় না পান, তাহলে এটাই হয়। এটা মধুর এক অনুভূতি এবং আমি পুরোটা উপভোগ করছি।’
ওয়েলসকে নিয়ে এখন আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন তিনি, ‘রক্ষণে আমরা ছিলাম যোদ্ধাদের মতো। আমি জানতাম, এ দল যেকোনো দলের সঙ্গে ভালো খেলার ক্ষমতা রাখে।’ এএফপি, রয়টার্স।