স্বপ্ন দেখাচ্ছে দুশানবের নীল আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুশানবের যে স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচটি হবে, তারই সংলগ্ন কৃত্রিম টার্ফে কোচ লোপেজের অধীনে চলছে বাংলাদেশের অনুশীলন। ছবি: বাফুফে
দুশানবের যে স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচটি হবে, তারই সংলগ্ন কৃত্রিম টার্ফে কোচ লোপেজের অধীনে চলছে বাংলাদেশের অনুশীলন। ছবি: বাফুফে

তাজিকিস্তানে এখন তেমন শীত পড়েনি, বইছে না কনকনে বাতাসও। দুশানবের রোদ ঝলমল সকালগুলো বাংলাদেশের জানুয়ারি মাসের আবহাওয়াকেই মনে করিয়ে দিচ্ছে। উষ্ণ আবহাওয়ায় অভ্যস্ত মামুনুল-ওয়ালি-তপু-রায়হানদের এই মৃদু শীতও মানিয়ে নেওয়ার জন্য একটা চ্যালেঞ্জ। তবে এর মধ্যেও আগামী শুক্রবার তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের একটা অনুপ্রেরণা থাকবে। গত জুনে তাজিকদের বিপক্ষেই অল্পের জন্য জয় পায়নি বাংলাদেশ।

অনুশীলন শুরুর আগে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা। ছবি: বাফুফে।
অনুশীলন শুরুর আগে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা। ছবি: বাফুফে।

এমিলির গোলে এগিয়ে থাকা দল দশজনের তাজিকিস্তানের বিপক্ষে কীভাবে যেন ড্র করে বসল ম্যাচ। ম্যাচের শেষ মুহূর্তে ভজকট করে ফেলার রোগে এক সেট পিসে গোল হজম। ঘরের মাঠে সেদিন জিতে গেলে হয়তো দুশানবের ম্যাচটিতে বাংলাদেশ নামতে পারত অনেকটা নির্ভার হয়েই।

দলের তিন গোলরক্ষক শহীদুল আলম, রাসেল মাহমুদ আর আশরাফুল আলম রানা প্রস্তুত করছেন নিজেদের। পাশে ম্যানেজার ইকবাল হোসেন। ছবি: বাফুফে।
দলের তিন গোলরক্ষক শহীদুল আলম, রাসেল মাহমুদ আর আশরাফুল আলম রানা প্রস্তুত করছেন নিজেদের। পাশে ম্যানেজার ইকবাল হোসেন। ছবি: বাফুফে।

জুনের সেই ম্যাচ এখন অতীত। বিশ্বকাপ বাছাইপর্বের অর্ধেকপথেই দলে এসেছে অনেক পরিবর্তন। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের জামানা শেষে ইতালীয় ফাবিও লোপেজের অধীনে দল এখন আছে ফুটবল রেনেসাঁর সন্ধানে। সাপোর্ট স্টাফেও এসেছে পরিবর্তন। নতুন কোচ স্বাভাবিকভাবেই নিজের মতো করে সাজিয়েছেন দলকে। গত অক্টোবরে কিরগিজস্তানের বিপক্ষে বিশকেকের তীব্র শীতে খুব একটা মন্দ করেনি তাঁর দল। সেই ম্যাচের অভিজ্ঞতাকে পুঁজি করে তাজিকিস্তানের বিপক্ষে দল কেমন করে সেটিই এখন দেখার বিষয়। গত শুক্রবারই তাজিকিস্তান গেছে ফাবিও লোপেজের দল।

অনুশীলনে কোচের নির্দেশনা শুনছেন খেলোয়াড়েরা। ছবি: বাফুফে।
অনুশীলনে কোচের নির্দেশনা শুনছেন খেলোয়াড়েরা। ছবি: বাফুফে।

মাঝে দুবাইয়ে যাত্রাবিরতি শেষে তাজিকদের রাজধানীতে পা রেখেছে বাংলাদেশ দল। দেশে বসে শঙ্কা ছিল তীব্র শীতের মুখোমুখি হওয়ার। কিন্তু আপাতত এই কদিনের আবহাওয়ায় গোটা দলই মোটামুটি খুশি। তাজিকিস্তান থেকে জাতীয় দলের যে খবর পাওয়া গেছে, তাতে সব কিছুই ইতিবাচক। ফুরফুরে মেজাজে দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ১৩ নভেম্বরের ম্যাচটির জন্য।

অনুশীলনের সময় গা-গরম করে নিচ্ছেন খেলোয়াড়েরা। ছবি: বাফুফে।
অনুশীলনের সময় গা-গরম করে নিচ্ছেন খেলোয়াড়েরা। ছবি: বাফুফে।

তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশের লড়াইয়ের ইতিহাসটা মিশ্র। এতে বাংলাদেশের জয়ও যেমন আছে, তেমনি আছে বড় ব্যবধানে হারও। ২০০৬ এএফসি চ্যালেঞ্জ কাপে ঘরের মাঠেই তাজিকদের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ২০১০ সালে কলম্বোয় বাংলাদেশের ২-১ গোলে জয়ের গল্পটি প্রেরণাদায়ী সব সময়ই। তাজিকিস্তানের বিপক্ষে মোট সাতটি ম্যাচ খেলে জয় ওই একটিই। আর ২টি ড্রয়ের বিপরীতে হার চারটি। শুক্রবার এই রেকর্ডে জয়ের পাল্লাটা একটু ভারী করার আশাটা করতে তো দোষ নেই!

দুশানবের আবহাওয়াটা মন্দ লাগছে না বাংলাদেশের ফুটবলারদের। ছবি: বাফুফে।
দুশানবের আবহাওয়াটা মন্দ লাগছে না বাংলাদেশের ফুটবলারদের। ছবি: বাফুফে।