স্বপ্ন পূরণ হয়েছে, বিশ্বাসই হচ্ছে না মাউন্টের!

ফাইনালের গোলে আছে মাউন্টের বড় সহায়তা।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের তখন ৪২ মিনিট। মাঝমাঠের বাঁ প্রান্তে লেফটব্যাক বেন চিলওয়েলের কাছ থেকে বল পেলেন মেসন মাউন্ট। দেখলেন, সিটির তিন ডিফেন্ডার রুবেন দিয়াস, জন স্টোনস ও আলেকসান্দর জিনচেঙ্কো পড়িমরি করে সতীর্থ কাই হাভার্টজকে আটকানোর জন্য ছুটছেন। হাভার্টজ মাউন্টের পায়ে বল দেখেই বুঝে গিয়েছিলেন কী করতে হবে! পাকা শিকারির মতোই এগিয়ে গেছেন শিকারের খোঁজে।

মাউন্ট সবকিছু দেখে আর দেরি করেননি, অসাধারণ এক থ্রু বাড়ালেন। বলটা ঠিকই ধরে সিটি গোলকিপার এদেরসনকে কাটিয়ে বলটা জালে ঠেলে দিলেন জার্মান স্ট্রাইকার।

এই গোলেই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতল চেলসি। গোল করে নাম হলো হাভার্টজের। তবে সেই গোলের কারিগর হিসেবে ঠিকই সবার মনে থাকছেন মাউন্ট।

অথচ এই মাউন্টই কয়েক মাস আগেও সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন প্রতিনিয়ত। একটা পর্যায়ে তো সবাই বলাবলিই শুরু করেছিল, মাউন্ট দলের একাদশে সুযোগ পান ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পছন্দের খেলোয়াড় হওয়ার কারণে। তাঁর নাকি চেলসির মতো দলে খেলার যোগ্যতাই নেই! সেই মাউন্টই টুখেলের অধীনে একেবারে অন্য খেলোয়াড়। বড় প্রমাণ রাখলেন গত রাতেই। ইউরোপসেরা হয়েই সব সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি।

চ্যাম্পিয়নস লিগ জিতে মাউন্ট নিজে কী ভাবছেন? বিটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আবেগ ধরে রাখতে পারনেনি এই তরুণ, ‘এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই মুহূর্তে আমরা বিশ্বের সেরা ক্লাব। এই গৌরব কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা অবিশ্বাস্য। একটু আগে আমার বাবা স্ট্যান্ড থেকে নেমে এলেন, তাঁকে দেখে কান্না আটকে রাখতে পারিনি। পরিবারকে ধন্যবাদ জানাই, সবকিছুর জন্য।’

মাউন্টের পাস থেকেই এসেছে হাভার্টজের এই গোল।
ছবি : রয়টার্স

এর আগে প্রিয় দলের হয়ে ব্যর্থ হয়েছেন মাউন্ট। শিরোপা জিততে পারেননি। তাই এবার দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন ইউরোপসেরা হওয়ার জন্য, ‘আমি এর আগে চেলসির হয়ে দুটি ফাইনাল খেলেছি, দুটিতেই হেরেছি। বেশ কষ্ট পেয়েছি তখন। আমি সব সময় চেলসির হয়ে একটি শিরোপা জিততে চেয়েছি। চ্যাম্পিয়নস লিগে বেশ কিছু কঠিন দলের বিপক্ষে খেলেছি। ফাইনালে উঠেছি এবং জিতেছি। দুর্দান্ত একটা মুহূর্ত এটা।’

প্রিয় দলের হয়ে মাত্রই দ্বিতীয় মৌসুম কাটালেন। এর মধ্যেই ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। ৫৪ ম্যাচ খেলে নয়টা করে গোল করেছেন, গোলে সহায়তা করেছেন। তবে মৌসুমের শেষ ম্যাচে যে গৌরবের সাক্ষী হলেন, তাঁর কাছে যেকোনো কিছুই ফিকে লাগার কথা মাউন্টের!