
ম্যাচ এগিয়ে যাচ্ছিল গোলশূন্যভাবে। ৮০ মিনিট শেষ। আফগানিস্তানের সঙ্গে ড্র হলেও মন্দ কী! কিন্তু ড্র নয়, ৮৩ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলামের আচানক এক শট উল্লাসে ভাসাল বাংলাদেশ দলকে। জয়ে শুরু এশিয়ান গেমস!
এই ম্যাচটাকে পাখির চোখ বানিয়েই ইনচন গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানকে হারাতেই হবে। এমন প্রতিজ্ঞা জানিয়েছিলেন মামুনুল। নিজে গোল করে সেই প্রতিজ্ঞা পূরণ করলেন বাংলাদেশ অধিনায়ক। তপু-সিফাতের পা ঘুরে বল আসে ওয়াহেদের কাছে। তাঁর ব্যাকপাসে বক্সের বাইরে থেকে মামুনুলের শটে হলো লক্ষ্যভেদ।
শুধুই একটা গোল নয়। ২৮ বছর পর এশিয়ান গেমসে জয় পেল বাংলাদেশ। বিরাশিতে দিল্লি এশিয়াডে বাদল রায় ও আশীষ ভদ্রের গোলে মালয়েশিয়ার বিপক্ষে ২-১। ছিয়াশির সিউল এশিয়াডে আসলাম গোল করে জেতান নেপালের বিপক্ষে (১-০)। সেই জয়ের পর কাল আবার দক্ষিণ কোরিয়ার মাটিতেই জয়ের স্বাদ।
এই জয়টা এখন এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে (সেরা ১৬) যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ দলকে। ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তানের সঙ্গে জেতার আশা হয়তো বাড়াবাড়ি। তবে ২২ তারিখ হংকংকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। এমনকি ড্র করলেও সুযোগ থাকতে পারে। কাল উজবেকিস্তান-হংকং ম্যাচ ১-১ হয়েছে। হংকং উজবেকিস্তানের কাছ থেকে পয়েন্ট নিতে পারলে বাংলাদেশের ভয় পাওয়ার কী আছে!
এটি অনূর্ধ্ব-২৩ দলের খেলা বলেই কিনা অনেক হিসাব পাল্টে দিয়েছে গেমস ফুটবলের প্রথম দিনই। ইরাকের কাছে নেপালের ৪-১ গোলে হারে হয়তো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আরব আমিরাতের কাছে ভারত খেয়েছে ৫ গোল, ভিয়েতনাম ৪-১ গোলে বিধ্বস্ত করল ইরানকে। চীন ৪ গোল খেয়েছে উত্তর কোরিয়ার কাছে—এই একপেশে ফলগুলো বলছে বড় দলেরও বিপদ আছে।
মাঠে কৌশল কাজে লাগিয়ে জিততে পারাই আসল কথা। বাংলাদেশ যেমন বল পজেশনে (৩৪) অনেক পিছিয়ে থেকেও আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে। অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দল মিলিয়ে আফগানদের কাছে অজেয়ই রইল বাংলাদেশ। জয় ৪, ড্র ৪।
ম্যাচ শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পাওয়া গেল বাফুফে ভবনে। খুবই খুশি তিনি, ‘এত টাকা দিয়ে কোচ রেখেছি কেন সবাই আমাকে অনেক কথা বলেছে। আজ ফল পেলাম। কোচকে সময় দিতে হবে।’ ইনচনে বাংলাদেশ দলেও বইছে খুশির হাওয়া। প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন ১০০ ডলার করে পুরস্কার।
কোচ লোডভিক ডি ক্রুইফ অবশ্য এখনই সব পেয়ে গেছেন ভাবছেন না। তাঁর কথা, ‘আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ কাজে লাগাতে হবে।’ বিশ্লেষণ করেছেন আফগানিস্তান ম্যাচ, ‘আফগানিস্তান র্যাঙ্কিংয়ে ১২৫, বাংলাদেশ ১৭০। এই ব্যবধানটা মাথায় না রেখে আমরা আক্রমণাত্মক খেললে ফল বিপরীত হতে পারত।’ সব কৃতিত্ব ফুটবলারদের দিয়ে এও বললেন, ‘৯০ মিনিট সমানতালে আমরা খেলতে চেয়েছিলাম। সেভাবেই পরিকল্পনা করি। প্রতি-আক্রমণের কৌশল নিয়ে কাজ করেছিলাম। সেটা আজ ভালোই কাজে লেগেছে।’
প্রতি-আক্রমণনির্ভর খেলে সুযোগ কাজে লাগাতে পারার কৃতিত্ব বাংলাদেশের। গোলে শট বাংলাদেশ ৩, আফগানিস্তান ৪। দিন শেষে সব পরিসংখ্যানই তুচ্ছ। জয়টাই আসল। সেটি পেয়ে বাংলাদেশের ফুটবলে বইছে স্বস্তির হাওয়া।
বাংলাদেশ দল: লিটন, তপু, রায়হান, ইয়াসিন, ইয়ামিন, সোহেল রানা, মামুনুল, জামাল, হেমন্ত, সিফাত (ফাহাদ), ওয়াহেদ (তকলিচ)।