স্বপ্ন ভাঙল রোমান সম্রাটের
ম্যাচের ৮০ মিনিটের সময় টিভি পর্দায় ভেসে উঠল দৃশ্যটা। মাঠের কর্নার ফ্ল্যাগ ধরে দাঁড়িয়ে আছেন ফ্রান্সেসকো টট্টি, শূন্য দৃষ্টি। মাঠের বাইরে থেকেই রোমা কিংবদন্তি দেখলেন, দিগ্ভ্রান্তের মতো পথ হারিয়ে খুঁজছে তাঁর দল; দেখলেন ক্লাবে তাঁর শেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা গুঁড়িয়ে যেতে। দ্বিতীয় লেগে পরশু ঘরের মাঠে পোর্তোর কাছে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়ন লিগের প্লে-অফ থেকেই বাদ পড়েছে রোমা।
গ্রুপ পর্বে উঠেছে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো, ভিয়ারিয়ালকে হারিয়েছে ১-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৩-১)। বাদ পড়তে পড়তেও বেঁচে গেছে ব্রেন্ডন রজার্সের সেল্টিক, ইসরায়েলের হাপোয়েল বিয়ারশেভার কাছে দ্বিতীয় লেগে ২-০ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে উঠে গেছে ইউরোপের সেরাদের প্রতিযোগিতায়।
তবে পরশুর দিনের সবচেয়ে বড় গল্পটা টট্টিরই। গত মৌসুমের পর এক বছরের নতুন চুক্তি করেছেন ‘রোমান সম্রাট’। বিদায়ী মৌসুমটা সুন্দরভাবে রাঙিয়ে যাওয়ার আশাও হয়তো ছিল। কিন্তু ধাক্কা খেলেন শুরুতেই। পোর্তোর মাঠে প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে রোমার সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু ৮ মিনিটে পোর্তোর ফেলিপের গোল, এরপর বিরতির আগে-পরে রোমার ড্যানিয়েলে ডি রসি ও এমারসনের লাল কার্ডই সব সম্ভাবনার সমাধি দেয়। দ্বিতীয়ার্ধে ৭৩ ও ৭৫ মিনিটে আরও ২ গোল করে উচ্ছ্বাসে ভেসে যায় পোর্তো। পুরো ম্যাচে সাইড বেঞ্চে কাটানো টট্টিকে পোর্তের উৎসব চেয়ে চেয়েই দেখতে হয়েছে।
অবশ্য চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ইতালিয়ান ক্লাবগুলোর এমন হতাশা নতুন নয়। ২০১৩ সালে এসি মিলান ব্যতিক্রম, এ ছাড়া এ নিয়ে আট বছরে আর কোনো ইতালিয়ান ক্লাব প্লে-অফ থেকে গ্রুপ পর্বে যেতে পারেনি। রয়টার্স।