স্বপ্নপূরণের কাছে সাম্পাওলি!

ছোটবেলার একটি স্বপ্ন পূরণের খুব কাছে এসে পড়েছেন হোর্হে সাম্পাওলি। মেসিদের দায়িত্ব তাঁর হাতে তুলে দিতে তৈরি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)। একটা ‘তবে’ অবশ্য আছে। সেভিয়ার সঙ্গে সাম্পাওলির চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। স্পেনের ক্লাবটি তাঁকে ছাড়তে না চাইলে হয়তো আর্জেন্টিনার কোচ আর হওয়া হবে না তাঁর।
সেভিয়ার সঙ্গে চুক্তি শেষ হতে আরও এক বছর বাকি। এর আগে সাম্পাওলিকে নিতে হলে ১.৫ মিলিয়ন ইউরো দিতে হবে বলে দাবি করেছে সেভিয়া। স্পেনের সংবাদমাধ্যম দিয়েছে এমন খবর। বিষয়টি নিয়ে সেভিয়ার সভাপতি হোসে কাস্ত্রোর সঙ্গে কথা বলবেন সাম্পাওলি, ‘এটা পরিষ্কার যে, আমার দেশ আমাকে কোচ হিসেবে পেতে চায়। এই স্বপ্ন আমার সেই ছোটবেলার। সেভিয়ার সভাপতি হোসে কাস্ত্রো সিদ্ধান্ত দেবেন। চুক্তি আছে আর সেটাকে শ্রদ্ধা জানাতে হবে। এখনো কোনো সমাধান হয়নি। আমি সেভিয়ার সঙ্গে কথা বলতে পারি। তবে এটা আমার হাতে নেই।’
গত ১০ এপ্রিল কোচ এদগার্দো বাউজাকে বরখাস্ত করে আর্জেন্টিনা। গত বছরের আগস্টে আর্জেন্টিনার দায়িত্ব নেন বাউজা। তাঁর অধীনে আট ম্যাচ খেলে মাত্র তিনটি জয় পেয়েছে আর্জেন্টিনা। হেরেছেও তিনটিতে। ড্র হয়েছে বাকি দুটি ম্যাচ। এএফপি।