স্বপ্নযাত্রা

পনেরো-বিশ দিন ধরে হয়তো নিজের অজান্তেই গায়ে চিমটি কাটছেন মুনির এল হাদ্দাদি। এ কি বাস্তব, নাকি ঘুমের ঘোরে আসা কোনো স্বপ্ন!
ব্যাপারটা তো স্বপ্নের মতোই। বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে গত মাসের শেষ দিকে হঠাৎ করেই মেসি-নেইমারদের সতীর্থ হয়ে যাওয়া, এলচের বিপক্ষে লা লিগায় অভিষেকেই গোল, এর কয়েক দিনের মাথায় স্পেন অনূর্ধ্ব-২১ দলে ডাক আর সবশেষে পরশু মেসিডোনিয়ার বিপক্ষে স্পেন জাতীয় দলে অভিষেক। জীবনটা যে কয়েক দিনের মধ্যে এভাবে বদলে যাবে, মাস খানেক আগে কি এটা দূরতম কল্পনাতেও ছিল মরোক্কান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকারের! ১৩ মিনিটের জন্য বদলি হিসেবে নেমে ১৯ বছর বয়সী বার্সেলোনা স্ট্রাইকার হয়ে গেছেন স্পেনের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। তাঁর চেয়ে কম বয়সে স্পেনের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে শুধু বোজান কিরকিচ ও হোসেপ সামিতিয়েরের। স্পেনের হয়ে অভিষেক হয়ে যাওয়ায় এখন আর তিনি খেলতে পারবেন না পিতৃভূমি দেশ মরক্কোর হয়ে। তবে জন্মভূমির হয়ে খেলতে পেরেই বেশি উচ্ছ্বসিত হাদ্দাদি, ‘স্পেনের হয়ে খেলার সিদ্ধান্তটা আমিই নিয়েছি। আমার ছোটবেলার স্বপ্ন সত্যি হলো অবশেষে।’ গোলডটকম।