স্বপ্নের ফাইনালে উঠে গেল চিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপায় চিলির সেমিফাইনাল জয়ের নায়ক এদুয়ার্দো ভার্গাসের দ্বিতীয় গোলের পর তাঁকে উষ্ণ আলিঙ্গনে বাঁধলেন ​সতীর্থ আর্তুরো ভিদাল l এএফপি
কোপায় চিলির সেমিফাইনাল জয়ের নায়ক এদুয়ার্দো ভার্গাসের দ্বিতীয় গোলের পর তাঁকে উষ্ণ আলিঙ্গনে বাঁধলেন ​সতীর্থ আর্তুরো ভিদাল l এএফপি

কোপা আমেরিকায় চিলির সঙ্গে দক্ষিণ আমেরিকার বাকি ১১টি দলের একটা বড় অমিল আছে। বলুন তো কী? একটু অবিশ্বাস্য শোনাতে পারে, সব দলই শিরোপার স্বাদ পেলেও চিলি এখনো সেটি পায়নি। ফাইনালে ওঠার স্মৃতিটাও সেই ২৮ বছর আগেকার। অবশেষে চিলির দিগন্তে আবার উঁকি দিচ্ছে শিরোপাস্বপ্ন, কাল পেরুকে ২-১ গোলে হারিয়ে আয়োজক দেশ পৌঁছে গেছে স্বপ্নের ফাইনালে।
এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল চিলির। ম্যাড়মেড়ে কোপায় যা একটু মন ভরানোর মতো ফুটবল খেলেছে তারাই। কাল এদুয়ার্দো ভার্গাস যা করলেন, সেটা অনেক দিন চোখে লেগে থাকবে। ম্যাচের তখন ৬৪ মিনিট, ম্যাচ ১-১ সমতায়। ৩০ গজ দূর থেকে গোলার মতো একটা শট করলেন। টুর্নামেন্টের সেরা গোলটা করতে এর চেয়ে ভালো সময় আর বেছে নিতে পারতেন না কিউপিআর স্ট্রাইকার!
ম্যাচটাই ছিল যেন ভার্গাসময়। ৪২ মিনিটে চিলি এগিয়ে গেছে তাঁর গোলেই। যদিও রিপ্লে দেখে মনে হয়েছে ভার্গাস অফসাইডে ছিলেন। তবে ভার্গাসের আরও একটি বৈধ গোলও কিন্তু অফসাইডের অভিযোগে বাতিল করে দিয়েছেন রেফারি। দুটি সহজ সুযোগ নষ্ট না করলে পেয়ে যেতে পারতেন হ্যাটট্রিকটাও।
‘ক্লাসিকো দেল প্যাসিফিকোর’ মঞ্চটা সাজানো ছিল উত্তাপ ছড়ানোর জন্যই। তা সেটা ছড়ালও। ম্যাচের ২০ মিনিটেই পেরুর কার্লোস জামব্রানো লাথি মেরে বসলেন চার্লস আরাঙ্গুইজকে। তার আগেই অবশ্য জামব্রানো দেখেন হলুদ কার্ড, কিন্তু রেফারি সরাসরি দেখান লাল কার্ড। তবে রেফারিং নিয়ে এই ম্যাচেও উঠে গেছে প্রশ্ন। চিলির আর্তুরো ভিদালও দেখতে পারতেন লাল কার্ড, কিন্তু রেফারির কৃপায় বেঁচে গেছেন।
ম্যাচের বেশির ভাগ সময় দশজন নিয়ে খেলেছে পেরু। স্কোরলাইন অবশ্য বলছে, লড়াইটা একপেশে ছিল না। পেরু তো আসলে চিলির ঘামই ঝরিয়ে ছেড়েছে। দশজন নিয়েও বেশ কয়েকটা আক্রমণ করেছিল, জেফারসন ফারফানের হেড পোস্টে না লাগলেও এগিয়েও যেতে পারত। ৬০ মিনিটে গ্যারি মেদেলের আত্মঘাতী গোলে সমতাও নিয়ে আসে তারা।
শেষ পর্যন্ত অবশ্য লাভ হয়নি। তবে চিলির জন্য ম্যাচটা কতটা কঠিন ছিল সেটা জানাচ্ছেন কোচ হোর্হে সামপাওলি, ‘ওরা দারুণ খেলেছে। কোপা আমেরিকায় এটাই আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল। আমরা জয় পেয়ে খুশি।’ কোচের বক্তব্যেরই প্রতিধ্বনি চিলি ডিফেন্ডার মরিসিও ইসলার কণ্ঠেও, ‘খেলার বিরতির সময় ড্রেসিংরুমেই আমরা কথাটা বলছিলাম। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। পেরু আমাদের ঘাম ঝরিয়ে ছেড়েছে, এমনকি একজন কম নিয়েও।’ ইসলার কথা, দেশের মাটিতে খেলার চাপটাই জেঁকে বসেছিল চিলির ওপর, ‘আমার মনে হয় চাপটা একটু বেশিই নিয়ে ফেলেছি। আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, পেরু সেটার পুরো সুযোগ নিয়েছে।’
সেমিফাইনালেই এই চাপ, তাহলে ফাইনালে কেমন হবে চাপটা? যেখানে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আর্জেন্টিনাকে ধরে নিচ্ছেন অনেকে। ইসলা সেটা মেনেও বললেন, ‘সবাই আর্জেন্টিনাকেই চায়, কিন্তু প্যারাগুয়ের ওপর চোখ রাখতে হবে। ওরা খুবই শক্তিশালী একটা দল।’ শেষ পর্যন্ত কারা গেছে সেটা এতক্ষণে আপনার জেনে যাওয়ার কথা। আজ ভোরেই হয়ে গেছে আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচ। এএফপি, রয়টার্স, কোপা আমেরিকা ওয়েবসাইট।