স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালের বাধা টপকে অবশেষে ফাইনালে! অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে উৎসব হলো লাল-সবুজের। কাল সিলেট জেলা স্টেডিয়ামে  l আনিস মাহমুদ
সেমিফাইনালের বাধা টপকে অবশেষে ফাইনালে! অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে উৎসব হলো লাল-সবুজের। কাল সিলেট জেলা স্টেডিয়ামে l আনিস মাহমুদ

এ যেন জনসমুদ্র! যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ। প্রায় সব বয়সের, সব শ্রেণি-পেশার মানুষ ভরদুপুরে স্টেডিয়ামমুখো। উপচে পড়া গ্যালারিতে ক্ষণে ক্ষণেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ আওয়াজ। স্টেডিয়াম-লাগোয়া বাড়ির ছাদ, অদূরে ওসমানী মেডিকেল কলেজের সরকারি কোয়ার্টারের আকাশছোঁয়া পানির ট্যাংক—সবখানে গিজগিজে দর্শক। কারও হাতে জাতীয় পতাকা। কারও হাতে প্ল্যাকার্ড। কেউ এনেছে বাদ্যযন্ত্র।
সিলেটের ফুটবলপ্রেমীদেরও কাল উজাড় করে আনন্দ উপহার দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে সিলেটেরই তরুণ সাদ উদ্দিনের একমাত্র গোলে আফগানিস্তানকে হারিয়েছে কিশোরেরা। আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। রহিম আলীর একমাত্র গোলে কাল দ্বিতীয় সেমিফাইনালে তারা হারিয়েছে নেপালকে।
‘এই বাংলাদেশ পারবে’—টুর্নামেন্টের শুরু থেকেই তা বলে আসছিলেন কোচ গোলাম জিলানী। বলছিলেন একটু রয়েসয়েই। এগোতে চেয়েছিলেন ধাপে ধাপে। আর কোচের চাওয়ামতোই এগোচ্ছে চিত্রনাট্য। এই ফুটবলারদের শরীরী ভাষা, মাঠে খেলার ধরন—সবকিছুতেই আত্মবিশ্বাসের ছোঁয়া। সাফের গত দুই আসরে যা করতে পারেনি পূর্বসূরিরা, কাল সেটাই করে দেখিয়েছে শাওন, সাদ, নিপুদের বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার যুব ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথমবারের মতো উঠল ফাইনালে। এখন শিরোপার হাতছানি।
ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে একপশলা বৃষ্টি হয়েছিল। ভেজা মাঠে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি কোনো দলই। তারপরও শারীরিক দিক দিয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে বারবার কাঁপন ধরিয়ে দেয় সাদ ও নিপু। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে সাদ একাধিকবার আতঙ্ক ছড়িয়েছে আফগান ডি-বক্সে। কখনো ছিল নিপু আর শাওনের যুগল আক্রমণ।
ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে বক্সে বল বাড়িয়েও সতীর্থ কাউকে সামনে পায়নি নিপু। ১৫ মিনিটে নিপুর ক্রস থেকে শাওনের হেড জমা পড়ে আফগান গোলরক্ষক ইদরিস আহমেদির হাতে।
৩৩ মিনিটে ভারতীয় রেফারি প্রিয়বার্তা সিং পেনাল্টির বাঁশি বাজিয়ে হঠাৎই বাংলাদেশকে দেন অপ্রিয় এক বার্তা। বাংলাদেশের ডিফেন্ডার সজীবের ধাক্কায় বক্সের মধ্যে আফগান ফরোয়ার্ড আবদুল নাসের পড়ে যাওয়াতেই ওই সিদ্ধান্ত। পেনাল্টি থেকে অবশ্য গোল করতে পারেনি আফগান অধিনায়ক ওমিদ হায়দার! বারের ওপর দিয়ে বল পাঠিয়েছে বাইরে। স্তব্ধতা ভেঙে তখনই প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি।
কাদামাঠেও নজরকাড়া পাসিং ফুটবলের পসরা সাজিয়েছিল বাংলাদেশ। বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকেরাই। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ ছিল বেশি আক্রমণাত্মক। তবে ৫১ মিনিটে আফগান গোলরক্ষক ইদ্রিসকে একা পেয়েও বল বাইরে পাঠান নিপু। ৫৬ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোল—কর্নার থেকে উড়ে আসা বল জটলার মাঝখানে আলতো টোকায় জালে পাঠায় সাদ। এগিয়ে যাওয়া বাংলাদেশ অবশ্য এরপর কিছু সময় খেলেছে রক্ষণাত্মক। অবশ্য ম্যাচের শেষ দিকে রনির হেড ক্রসবারে প্রতিহত না হলে ব্যবধান দ্বিগুণ করেই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ।
ম্যাচ শেষ হওয়ার অপেক্ষায় ছিল জান্নাতুল নাঈম পারভেজ। শেষ বাঁশি বাজতেই লাল-সবুজের পতাকাটা মুঠোয় নিয়ে দৌড়ে মাঠে ঢুকে পড়ে দ্বিতীয় গোলরক্ষক। ক্যামেরার মুহুর্মুহু ফ্লাশ আর উদ্যাপনের মিছিলে দিনের নায়ক সাদ হারিয়ে গেল সতীর্থদের ভিড়ে। খানিক পর ফুটবলাররা জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ছোটে গ্যালারির দিকে। হাত মেলায় দর্শকদের সঙ্গে।
তখনো ঠায় দাঁড়িয়ে প্রায় হাজার বিশেক দর্শক। ফাইনালে উঠে দলটি যে বাড়িয়ে দিয়েছে স্বপ্নের দিগন্ত। এবার ছেলেদের হাতে দেখতে চায় অধরা ট্রফিটা।