স্বপ্নের সীমা ছাড়িয়ে লিঙ্কন সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নয়, বরং স্বপ্নের চেয়েও বেশি কিছু। ম্যাচের আগে যদি লিঙ্কন সিটির খেলোয়াড়দের জিজ্ঞেস করা হতো, এ ম্যাচে তাঁদের জেতার সম্ভাবনা কতটুকু, লাজুক হাসি দিতেন হয়তো। কোথায় ব্রাইটন আর কোথায় লিঙ্কন সিটি!
না, ব্রাইটন ইংলিশ ফুটবলের পরাশক্তি নয়। কিন্তু লিঙ্কনের তুলনায় তারা তো বিশাল ক্লাবই। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ দল ব্রাইটন। অন্যদিকে লিঙ্কন সিটি খেলে ইংল্যান্ডের ফুটবল লিগের পঞ্চম স্তরে, যেটার নাম ন্যাশনাল লিগ। ইংল্যান্ডে চতুর্থ স্তর পর্যন্ত লিগগুলো পুরোপুরি পেশাদার। কিন্তু পঞ্চম স্তরে পেশাদার দলগুলোর সঙ্গে খেলে কিছু শৌখিন ক্লাবও। দুটি দলের লিগে অবস্থান বিবেচনা করলে ৭২ ধাপ পিছিয়ে লিঙ্কন।
আর সেই লিঙ্কনই কিনা এফএ কাপে পরশু ব্রাইটনকে হারিয়ে দিল ৩-১ গোলে। আর এই জয়ে লিঙ্কন সিটি পৌঁছে গেছে এফএ কাপের শেষ ষোলোতে। ১১৫ বছর পর এই প্রথম এফএ কাপের শেষ ষোলোতে লিঙ্কন। যে ক্লাবটি কখনো ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগেই খেলেনি, তাদের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!
একটা স্কুলে শিক্ষকতার চাকরি ছেড়ে লিঙ্কন ক্লাবের কোচের চাকরিটা নিয়েছিলেন ড্যানি কাউলি। সে গত বছরের কথা। এক বছরের মধ্যে তাঁর দল দারুণ সব কাণ্ড করেছে। এফএ কাপের দ্বিতীয় রাউন্ডেই হারিয়েছে ওল্ডহ্যাম অ্যাথলেটিককে, তৃতীয় রাউন্ডে জিতেছে ইপসউইচ টাউনের বিপক্ষে। দুটিই লিঙ্কনের চেয়ে ওপরের স্তরের লিগের ক্লাব। চ্যাম্পিয়নশিপের ক্লাব ইপসউইচের বিপক্ষে সর্বশেষ জয়টার পরই ৩৮ বছর বয়সী কাউলি বলেছিলেন, ‘মনে হচ্ছে আমরা এভারেস্ট জয় করেছি। এটা আকাশছোঁয়ার মতো ব্যাপার আমাদের কাছে।’ সেই লিঙ্কন যখন চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা ব্রাইটনকেও হারিয়ে দিল, কাউলি যেন ঘোরের মধ্যে চলে গেলেন।
তাঁর ছাত্ররা যে এমন একটা অঘটন ঘটিয়ে দেবে, এটা বিশ্বাস হচ্ছে না কাউলিরও, ‘আমি খুবই বিস্মিত। ফুটবল আমাকে খুব বেশি বিস্মিত করে না। কিন্তু এটা আসলেই অবিশ্বাস্য! এটা আমার সবচেয়ে সাহসী স্বপ্নের সীমাকেও ছাড়িয়ে গেছে।’
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এর আগেও তিনবার এফএ কাপের শেষ ষোলোতে খেলেছে। তবে সর্বশেষ শেষ ষোলোতে খেলার স্মৃতিটাও ১৯০১-০২ মৌসুমের। এরপর এই এক শ বছরেরও বেশি সময়ে তাদের সর্বোচ্চ সাফল্য লিগ কাপের চতুর্থ রাউন্ডে খেলা!
ব্রাইটনকে হারানোটা কেন কোচ কাউলির স্বপ্নের সীমাও ছাড়িয়ে গেছে, বুঝতে পারছেন তো? রয়টার্স।