স্বরূপেই রোনালদো

তিন ম্যাচ গোলশূন্য থাকার পর আবারও টানা দুই ম্যাচে গোল। নিজেকে বোধ হয় আবারও চেনানো শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল লা লিগায় এলচের বিপক্ষে তাঁর একটি গোল রিয়ালের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি স্পর্শ করতে সহায়ক ভূমিকা পালন করেছে। রোনালদোর পাশাপাশি রিয়ালের এই জয়ে অপর গোলটি করিম বেনজেমার। এই জয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থানটা আরও সুদৃঢ় হলো ‘ব্ল্যাঙ্কোস’দের।
সব ধরনের ম্যাচে টানা ১১ ম্যাচে জয়ের অন্য রেকর্ডটি বার্সার। এলচের বিপক্ষে ম্যাচে জয়ের পর ২৪ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। সমসংখ্যক ম্যাচ খেলেও ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা। পয়েন্টের দিক দিয়ে ব্যবধানটা কিন্তু এবার বেশ পরিষ্কারই হলো।
রিয়ালের কোচ হিসেবে শততম ম্যাচটি জয় দিয়ে উদযাপন করতে পেরে নিশ্চয়ই দারুণ খুশি আনচেলত্তি। তবে উচ্ছ্বাস প্রকাশে বরাবরই খানিকটা কৃপণ আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই ১০০ ম্যাচ ভালোই গেল। সময়টি আমি দারুণ উপভোগ করেছি। আমি চাইব একইভাবে পরের ম্যাচগুলোতেও আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে।’ রিয়াল কোচ অবশ্য কথাবার্তার একপর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেও একটু খোঁচা দিতে ছাড়লেন না। কপট বিস্ময় দিয়েই বুঝিয়ে দিলেন, বার্সার হারে কতটা খুশি তিনি।
এলচের বিপক্ষে ম্যাচটি দারুণ উপলক্ষ ছিল রিয়াল দলনেতা এবং গোলপ্রহরী ইকার ক্যাসিয়াসের জন্যও। এদিন অবশ্য তাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি এলচে। তবে লা লিগায় নিজের ৫০০তম ম্যাচটিতে খেলতে নেমে পাওয়া জয় নিশ্চয়ই তাঁর সুখানুভূতিতে অন্য রকম মাত্রা যোগ করেছে। সূত্র: রয়টার্স।