স্বর্গে যাবেন ব্লাটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটারের দাবি, তিনি স্বর্গে যাবেন। ছবি: এএফপি।
সেপ ব্ল্যাটারের দাবি, তিনি স্বর্গে যাবেন। ছবি: এএফপি।

বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি ইত্যাদি ফিফাকে বেশ বিপাকেই ফেলেছে। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই শীর্ষ কর্মকর্তাদের হাতে হাতকড়াও পড়েছে। সারা দুনিয়াতেই এই মুহূর্তে প্রশ্ন উঠেছে, বিভিন্ন কেলেঙ্কারি যে সংস্থাকে আচ্ছন্ন করে রেখেছে, সে সংস্থার সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি এসব থেকে আদৌ মুক্ত কিনা! অনেকেরই বদ্ধ ধারণা, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার দীর্ঘ সময়ের প্রধান সেপ ব্ল্যাটারও অনেক কিছুর সঙ্গে জড়িত। কিন্তু খুব শিগগিরই সাবেক হতে যাওয়া ফিফা-প্রধান দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা। নিজের সততা নাকি এমন পর্যায়ে যে ব্ল্যাটার এখন ‘স্বর্গে’ যাওয়ারই অপেক্ষায় আছেন!
বয়সটা তাঁর ৭৯ হয়ে গেছে। এই বয়সে স্বর্গ-নরকের চিন্তাটা মাথায় আসাটাই স্বাভাবিক। কিন্তু ব্ল্যাটার এমন একটা সময়ে ‘স্বর্গে’ যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেন, যখন ফিফার যাবতীয় কেলেঙ্কারির মুখে সভাপতির পদ থেকে সরেই যেতে হচ্ছে তাঁকে। কিছু দিন আগে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েও তাঁর সরে যাওয়ার ঘোষণা দেওয়ার অর্থই হচ্ছে সংস্থার যাবতীয় দুর্নীতির দায় কিছুটা হলেও নিজের কাঁধে নেওয়া। তবে তিনি দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি দাবি করেছেন, কঠিন সময়ে ধর্মবিশ্বাসই ছিল তাঁর সবচেয়ে বড় আশ্রয়স্থল।
জার্মান সাময়িকী বান্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেছেন, ‘আমি আমার বিবেকের কাছে সম্পূর্ণ স্বচ্ছ।’ তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি করেছেন, ‘যে ব্যক্তি তাঁকে দুর্নীতিবাজ বলে অপবাদ দেবে, সে এই শব্দটার অর্থই জানে না। আমাকে দুর্নীতিবাজ বললে প্রমাণ দিতে হবে। আমি নিশ্চিত, প্রমাণ তারা হাজির করতে পারবে না। কারণ আমি কোনো দুর্নীতি করিনি।’
ব্ল্যাটার বলেন, ‘ফিফা দুর্নীতিগ্রস্ত হলেই আমি দুর্নীতিগ্রস্ত হয়ে যাই না। যারা এটা বলে তাদের বিরুদ্ধে আমার আইনের আশ্রয় নেওয়া উচিত।’
এর পরপরই সাক্ষাৎকারে ধর্মের প্রসঙ্গ টানেন ব্ল্যাটার, ‘কিছু দিন ধরে আমার ধর্মবিশ্বাস আমায় শক্তি জুগিয়েছে। আমি বরাবরেই ধর্ম বিশ্বাসী। নিয়মিত প্রার্থনা করি। পোপ ফ্রান্সিসের দেওয়া একটা সোনালি ক্রুশ আমার সংগ্রহে আছে। আমার জীবনাচরণ অনুযায়ী আমি বিশ্বাস করি, মৃত্যুর পর অবশ্যই আমি স্বর্গে যাব।’
এই পর্যায়ে একটি মজার মন্তব্যও ঝরেছে ব্ল্যাটারের কণ্ঠে। বলেছেন, ‘আমি নরকে বিশ্বাস করি না। আমি মনে করি নরক বলে কিছু নেই। ধর্মবিশ্বাসী হলেও এই একটি বিষয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গেও আমার মতবিরোধ আছে।’
আগামী ডিসেম্বর ও মার্চের মাঝে অনুষ্ঠিত বিশেষ কংগ্রেসে পদত্যাগ করতে হবে তাঁকে। ৭৯ বছর বয়সী তাই এরই মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছেন সন্তোর্পণে। আগামী রোববার কানাডার নারী বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে না তাঁকে। কারণটা অবশ্য ‘ব্যক্তিগত’ বলেই জানিয়েছেন তাঁর আইনজীবীরা।