স্বল্প লোকবলেই 'বিপ্লব' ভুটান ফুটবলে

ভুটান ফুটবল ফেডারেশনের কার্যালয়ে গিয়ে একটু অস্বস্তিতেই পড়তে হল। একেবারে নীরব-নিস্তব্ধ। এটা কীভাবে ফেডারেশনের অফিস হয়? ফেডারেশনের অফিস বলতেই তো শতশত লোকের আনাগোনা। কর্মচারিদের দৌড়-ঝাঁপ, সংবাদকর্মীদের ভিড় থাকার কথা। অন্তত ঢাকার মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসের কথা মাথায় রাখলে তো এমনই মনে হয়। সে হিসেবে ভুটান ফুটবল ফেডারেশনের অফিসটিকে মনে হলো নিস্তরঙ্গ; কিছুটা হতাশই হতে হলো সেটি দেখে।
নিচতলা থেকে সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই একটি কক্ষ থেকে কম্পিউটার কী-বোর্ডের টুকটুক আওয়াজ কানে এল। সেটি অনুসরণ করে সেখানে যেতেই যাঁর সঙ্গে দেখা হল, তিনি ভুটান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক উগুয়েন ওয়াংচুক। বাংলাদেশি সাংবাদিক হিসেবে পরিচয় দিতেই সাদরে বরণ করলেন। কোলাহলহীন অফিসের ব্যাপারে তাঁর দৃষ্টিআকর্ষণ করতেই উগুয়েন হেসে বললেন, ‘আমাদের ফেডারেশনে কর্মকর্তা-কর্মচারির সংখ্যা বেশি নয়। আমিসহ আটজন। আমার সঙ্গে একজন সহ-সাধারণ সম্পাদক, দুইজন কম্পিটিশন ম্যানেজার, অর্থ বিভাগে দুইজন কর্মকর্তা আর রেফারি বিভাগে একজন।’
এটাই ভুটান ফেডারেশন? বাফুফে ভবনের কথা মনে পড়ল। পূর্ব পাশের কোণার একটি কক্ষেই তো একসঙ্গে আটজন বসেন। মাত্র ৮ জন কর্মকর্তা নিয়ে ভুটানের ফুটবল চলে কীভাবে? উগুয়েন হেসে বললেন, ‘আমাদের আরও লোক আছে, তবে দাপ্তরিক কাজে নিয়োজিত আমরা এই আটজন। ২৭ জন কোচ আছে। যারা দেশের বিভিন্ন প্রান্ত সব সময়ই ঘুরে বেড়ান। তাদের তো ফেডারেশন অফিসে আসার কোনো দরকারই নেই।’
হিমালয়ের কোল ঘেষে ছোট্ট-সুন্দর এক দেশ—ভুটান। সব কিছুতেই ছিমছাম একটা ব্যাপার। জনসংখ্যা মাত্র ৭ থেকে ৮ লাখ। অল্প জনসংখ্যার এই দেশেই নাকি ফুটবল-বিপ্লব শুরু হয়েছে। এক সময় বিপর্যয়ের আশঙ্কায় যারা আন্তর্জাতিক ফুটবলেই অংশ নিত না, সেই ভুটানই এখন এশিয়ান কাপের মূল বাছাইপর্বে খেলছে। সেই যোগ্যতা তারা অর্জন করেছে কোন দেশকে হারিয়ে সেটি নতুন করে না বললেও চলে। গত বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ‘ভুটান-বিপর্যয়’ তো এত সহজে ভুলতে পারবেন না এ দেশের ফুটবলপ্রেমীরা।
ভুটানে ফুটবল-চর্চা খুব বেশি দিন আগে শুরু হয়নি। ১৯৮৩ সালে প্রথম গঠিত হয় ভুটানের ফুটবল ফেডারেশন। ১৯৯৩ সালে এসে তারা এশিয়ান কনফেডারেশনের (এএফসি) সহযোগী সদস্যপদ পায়। পূর্ণ সদস্য হতে লেগে যায় আরও ৭ বছর। ২০০০ সালে ফিফার সদস্যপদ পাওয়ার পরপরই বদলে যায় দেশটির ফুটবলের গতিপথ। উন্নয়নের দিকে মনোযোগী হয় তারা। আন্তর্জাতিক ফুটবল অংশ নেওয়া শুরু হয়। কিন্তু সবচেয়ে আগে শুরু হয় ভবিষ্যতের ভিত গড়ার কাজ—তৃণমূল ফুটবলের উন্নয়ন। ২০০৬ সালের দিকে ফিফার অনুদানে কয়েকটি একাডেমি গড়ে অগ্রযাত্রায় গতি আনে ভুটান ফুটবল ফেডারেশন। কোনো স্পনসর ছাড়া কেবল ফিফার অনুদানে গড়ে ওঠা সেই একাডেমিগুলোই এখন ভুটানকে উপহার দিয়ে যাচ্ছে প্রতিভাবান সব ফুটবলার। সাম্প্রতিককালে আন্তর্জাতিক ফুটবলে ভুটানের ভালো করার রহস্য এই একাডেমিগুলোই।
এই একাডেমিগুলোতে আছে ছেলে-মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। একাডেমিগুলোর ভবনগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। ফেডারেশন ভবনের চেহারা একাডেমির তুলনায় নিতান্তই দরিদ্র। এই একটি ব্যাপারেই প্রমাণ হয়, ভুটান তৃণমূলে কতটা গুরুত্ব দেয়।

সুযোগ-সুবিধার অভাব নেই এই একাডেমিগুলোতে। ফিফার অনুদানে বসেছে একাধিক সিনথেটিক টার্ফ। এখানে বছরব্যাপি অনূর্ধ্ব-১৬ ও ১৮ বছর বয়সী প্রায় ৫০ জন ফুটবলার অনুশীলন করে। থিম্পুর বাইরেও ইদানীং একাডেমি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছটিয়ে আছে আরও ৫টি টার্ফ। গোটা দেশেই চলছে ফুটবল-চর্চা।
২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে ভুটানের ফল খুবই ভালো। বিশ্বকাপ বাছাইপর্বে হোম-অ্যাওয়ে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি ম্যাচে যথাক্রমে ২-১ ও ১-০ গোলে জিতে প্রথম সবাইকে চমকে দেয় তারা। এরপর ২০১৬-তে এশিয়ান কাপ বাছাইয়ে যাওয়ার প্লে অফে বাংলাদেশকে ৩-১ গোলে হারায়। এই জয়টি নাকি আরও বদলে দিয়েছে ভুটানের ফুটবলকে। ভুটানিরা আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে ফুটবলে। বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেওয়া ফুটবলাররা এখন ভুটানের বড় সেলিব্রেটি।
তৃণমূল ফুটবলকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ভুটান এখন চেষ্টা চালাচ্ছে ঘরোয়া লিগকে পেশাদার রূপ দেওয়ার। বাংলাদেশের ক্লাবগুলো যেখানে ঢাকার বাইরে খেলতে যতে চায় না, সেখানে ভুটানে এরই মধ্যে হোম ও অ্যাওয়ে ফুটবল লিগ শুরু হয়ে গেছে। দল যদিও মাত্র ৬টি। তবে দ্বিতীয় বিভাগে ৯টি ও তৃতীয় বিভাগে ১১টি ক্লাব কিন্তু ঠিকই শক্ত ভিত্তি দিচ্ছে দেশটির ঘরোয়া ফুটবলকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইংরেজিতে ‘বিএফএফ’ নামে পরিচিত। ভুটান ফুটবল ফেডারেশনও তাই। দুই ফেডারেশনের সঙ্গে নামের মিল থাকলেও কর্মকাণ্ডে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও ভুটানের তুলনায় বাফুফের কর্মতৎপরতায় পেশাদারি ব্যাপারটির উপস্থিতি অনেক কমই বলা যেতে পারে। ভুটান যেখানে তৃণমূল ফুটবলকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছে, সেখানে আমাদের এখানে ফুটবলার গড়ার কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তিই নেই। বাফুফে অনেক চেষ্টা করেও একটা ফুটবল একাডেমি দাঁড় করাতে পারেননি। ক্লাবগুলোকে পদ্ধতির মধ্যে আনতে পারেনি। আন্তর্জাতিক ফুটবলে সে কারণেই বাংলাদেশের অবস্থান বিপর্যয়কর। দিন দিন নিচের দিকে নামছে আমাদের ফিফা-র্যাঙ্কিং।
একটি জায়গায় বাফুফে ভুটানের চেয়ে অনেক এগিয়ে আছে। ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলে তাদের আছের সুরম্য একটি ভবন। সেখানে চাকচিক্যের কোনো অভাব নেই। বাফুফের সদস্যদের সবার জন্যই রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা আলাদা দপ্তর। কর্মকর্তা-কর্মচারিদের আনাগোনায়, হাঁকে-ডাকে বাফুফে ভবনকে মনে হয় খুব বড় কোনো করপোরেট প্রতিষ্ঠান। কিন্তু এখানে কী কাজ হয়, সেটি তো আমাদের ফিফা র্যাঙ্কিংই বলে দেয়।