আগের দিন যে মুখগুলো মলিন লাগছিল, কাল সেই মুখগুলোতে হাসি ফিরেছে। এই হাসির অর্থ—‘নির্বাচনে আমরা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী।’ তেমন আশার কথা বললেনও সালাউদ্দিন-হারুনুর রশিদ-বাদল রায়রা। তাঁরা যে কাল পাশে পেলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে।
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি, বাফুফের নির্বাচনে ১৩৪ জন ভোটারের একজন। ক্রিকেট বোর্ডের পরিচালকও। তবে কাল তাঁর বাফুফে ভবনে আসা জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের (ফোরাম নামেই পরিচিত) সভাপতি হিসেবে। ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখে এই সংগঠনই।
বাফুফের নির্বাচনও ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। আ জ ম নাছির বাফুফে ভবনে এসে বললেন, ‘আমাদের মহাসচিব ইতিপূর্বে এই পরিষদকে (সালাউদ্দিনের পরিষদ) পূর্ণ সমর্থন দিয়েছেন, সেটিই অব্যাহত থাকবে।’ তবে নাছির ‘ফুটবল বাঁচাও’ পরিষদের সঙ্গে যোগ দেবেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কাল। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সেটি উড়িয়ে দিলেন, ‘জেলা বা বিভাগে যেসব খেলা হয় আমরাই পরিচালনা করি। তাই এখানে আমাদের একটা ভূমিকা থাকে। তবে ফোরাম তো ফুটবল নয় যে, যে যেভাবে লাথি মারবেন। আমি কারও সঙ্গে যোগ দিইনি, কাউকে সমর্থনও দিইনি (ফুটবল বাঁচাওকে ইঙ্গিত করে)।’
নির্বাচনে সমঝোতা বা কারও প্রভাব বিস্তারের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন আ জ ম নাছির। বিসিবির সভাপতি নাজমুল হাসান বাফুফের নির্বাচনে ফুটবল বাঁচাও পরিষদের পক্ষে ভূমিকা রাখছেন বলে বাজারে যতই গুঞ্জন থাকুক, সেটাও তিনি নাকচ করে দিয়েছেন, ‘আমার জানামতে, বাফুফের নির্বাচন নিয়ে ওনার কোনো আগ্রহ নেই। যে কেউ ওনার কাছে যেতে পারে, তাতে যে উনি এটার সঙ্গে সম্পৃক্ত, তা কিন্তু নয়। আমাকে স্পষ্টই বলেছেন, উনি ফুটবল ফেডারেশনের নির্বাচনে কারও পক্ষে নন, কারও বিপক্ষেও নন।’
লক্ষণীয় বিষয়, যে যেভাবে পারছেন এই নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করছেন। এ ব্যাপারে আ জ ম নাছিরের কথা, ‘আমার জানামতে, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে কোনো ভূমিকা রাখছেন না। রাখলে আমি জানতাম। আমি নিজেও ভোটার।’ তাঁর যুক্তি, ‘আমি তো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রামের মেয়রও। কাজেই উনি কাউকে কিছু বলে থাকলে আমাকেও তো বলবেন।’
আ জ ম নাছিরের পাশে দাঁড়িয়ে সালাউদ্দিন পরিষদের প্রার্থীদের মুখে তখন স্বস্তির ছায়া। তবে এই ভিড়ে দেখা গেল না নির্ভার সালাম মুর্শেদীকে। যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়ে গেছেন। তবে সালামকে নিয়ে সালাউদ্দিন পরিষদে শুরু হয়েছে অস্বস্তি। কাল বাফুফে ভবনে কান পেতে শোনা গেছে একটা কথা, সালাম সমঝোতা করেছেন ফুটবল বাঁচাও আন্দোলনের সঙ্গে। এ ব্যাপারে অবশ্য সালামের বক্তব্য জানা সম্ভব হয়নি। ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।