স্বস্তির জয় বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে গোল করতে পারেননি। তবে স্যান্দ্রোকে দিয়ে গোল করিয়ে বার্সাকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসিই (ডানে)। ছবি: রয়টার্স
নিজে গোল করতে পারেননি। তবে স্যান্দ্রোকে দিয়ে গোল করিয়ে বার্সাকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসিই (ডানে)। ছবি: রয়টার্স

প্রতিপক্ষ ভিয়ারিয়াল। শক্তির বিচারে স্পষ্টত এগিয়ে থাকার পরও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। অপেক্ষার অবসান ঘটে ম্যাচের অন্তিম সময়ে। ৮২ মিনিটে সান্দ্রো রামিরেসের করা গোলের সুবাদে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল স্প্যানিশ জায়ান্টরা।
গোলটির কারিগর অবশ্য ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের দেওয়া দারুণ এক পাসে পা ছুুঁইয়ে ভিয়ারিয়ালের জালে বল জড়িয়ে দেন সান্দ্রো।
এই ম্যাচে বার্সা কোচ লুইস এনরিকে প্রথম একাদশে রেখেছিলেন মুনির এল হাদ্দাদিকে। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে থাকা আন্দ্রেস ইনিয়েস্তার জায়গায় মধ্যমাঠে কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন রাফিনহা। জাভি ছিলেন না, কারণ এই মৌসুমে তাঁর দায়িত্ব অনেকটাই প্রান্তিক ধরনের।
পুরো খেলাতেই বলের দখল বেশির ভাগ সময় বার্সেলোনা খেলোয়াড়দের কাছে ছিল। কিন্তু ভিয়ারিয়ালের শক্ত রক্ষণাত্মক অবস্থানের কারণে গোলের সুযোগ তেমন একটা আসেনি। নেইমার মাঠে নেমে পরিস্থিতিটা অবশ্য পাল্টে দেন। বার্সাও গোলের সুযোগ তৈরি করতে থাকে বেশ নিয়মিতভাবেই।
দ্বিতীয়ার্ধে মেসির একটি শট ভিয়ারিয়ালের পোস্টে লেগে ফিরে আসে। এই অর্ধে ভিয়ারিয়ালের টমাস পিনার একটি গোলের প্রচেষ্টাও পোস্টে লেগে প্রতিহত হয়।
গোলের প্রত্যাশায় বার্সা সমর্থকেরা যখন ব্যাকুল, ঠিক তখনই নেইমারের কাছ থেকে বল পেয়ে গোলের মধ্যে মেসির ফেলা এক দারুণ ক্রসে ভিয়ারিয়ালের জালে বল জড়িয়ে দেন সান্দ্রো।
জয়সূচক গোলের পর দারুণ উচ্ছ্বসিত রামিরেস নিজের গোলের পুরো কৃতিত্বই দিয়েছেন মেসি ও নেইমারকে, ‘লিওকে ধন্যবাদ। ওর জন্যই জয়সূচক গোলটি করতে পারলাম। নেইমারও দারুণ। গোলের উত্সমূলে ছিল সে-ই। তবে খেলায় পুরো দলই খেলেছে দারুণ। এই জয় সবার সম্মিলিত প্রচেষ্টারই ফল।’