স্বস্তির জয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা জয়। এক বুক আনন্দ। বুকের ওপর থেকে একটা জগদ্দল পাথর সরে যাওয়া। দুঃস্বপ্নের দেয়াল সরিয়ে সামনের দিকে পা ফেলা। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ দলের জয়ের আনন্দকে এমন শব্দগুচ্ছে বাঁধা যেতে পারে।
জয় তো কদিন আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচেই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার আগে ভুটানের সঙ্গে ওই জয়ে ছিল না কোনো উচ্ছ্বাস। বরং ব্যর্থতার ক্ষতে মলম লাগানোর সুযোগ হয়ে এল বঙ্গবন্ধু গোল্ড কাপ। সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করে প্রথম সিঁড়িটা দারুণভাবে পেরিয়েছে বাংলাদেশ। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কাল শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছেন মামুনুলরা। সাফে ভুটানের ম্যাচের মতো কালও জোড়া গোল করেছেন শাখাওয়াত রনি। টানা দুই ম্যাচে ৪ গোল করে আলো কাড়লেন এই স্ট্রাইকার। একটি করে গোল জাহিদ হোসেন ও নাবিব নেওয়াজ জীবনের।
খেলা শেষ। তবু বাড়ির পথ ধরার তাড়া ছিল না কারোর। স্টেডিয়ামের গেটের সামনে সার বেঁধে দাঁড়িয়ে দর্শকেরা। মামুনুলদের প্রাপ্য সম্মানটা যেন নগদেই দিতে চাইছিল যশোরবাসী। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলেন ফুটবলাররা। কথাটা রেখেছেন। তাই খুব কাছ থেকে দাঁড়িয়ে ভালোবাসার উষ্ণ অভিবাদন জানাতে দর্শক এতটুকু কার্পণ্য করেনি।
আক্রমণ আর পাল্টা-আক্রমণে জমজমাট এক লড়াই দেখেছেন দর্শকেরা। শীতের বিকেলে মাঠে ভালোই উত্তাপ ছড়িয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ বেশ ভালো খেলেছে। পাসিং ফুটবলটা যেন ফিরিয়ে আনলেন খেলোয়াড়েরা। টানা গোটা বিশেক পাসও খেলতে দেখা গেছে এদিন বাংলাদেশকে। তবে বেশির ভাগ অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় নিয়ে গড়া শ্রীলঙ্কাও কম যায়নি। দ্বিতীয়ার্ধে বারবার ম্যাচে ফেরার চেষ্টায় করেছে সাফের সেমিফাইনালে খেলা দলটি।
১৭ থেকে ২২ মিনিটের মধ্যে হয়েছে তিনটি গোল। বাঁ প্রান্ত থেকে জাহিদের ক্রস, বক্সের ভেতরে থাকা রনির বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। কিন্তু গোল করে কিছুটা গা ছাড়া মনোভাবের বৃত্তে ঢোকার পুরোনো রোগ থেকে কালও বেরোতে পারেনি বাংলাদেশ। ৩ মিনিট পরই বাংলাদেশের বক্সে আগুয়ান লঙ্কান ফরোয়ার্ড মাধুসান ডি সিলভাকে ফেলে দিয়ে বিপদ ডেকে আনেন ডিফেন্ডার নাসির চৌধুরী। পেনাল্টিতে ধানুশকা করলেন ১-১। দুই মিনিট পরই অবশ্য মামুনুলের কর্নার থেকে উড়ে আসা বল জাহিদের পায়ে লেগে ঢোকে জালে (২-১)।
দুই উইং দিয়ে জাহিদ আর সোহেল রানা আক্রমণ উঠেছেন। সঙ্গে মাঝমাঠে মামুনুল আর জামাল ভূঁইয়া তো ছিলেনই। প্রথমার্ধে বল পজেশনে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রাধান্য নিয়ে খেলে ৪৩ মিনিটে এল তৃতীয় গোলটা। শ্রীলঙ্কার মিডফিল্ডার চালানা চামিরার হাতে লাগল বল। বক্সের সামান্য বাইরে থেকে জাহিদের দুর্দান্ত ফ্রি-কিকে আলতো টোকায় আবারও দর্শকদের মাতিয়ে তোলেন নাবিব নেওয়া জীবন।
দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে শ্রীলঙ্কা। ৫১ মিনিটে ক্ষণিকের ভুলে জামাল ভূঁইয়া বলটা নিয়ন্ত্রণে নিতে পারলেন না, শ্রীলঙ্কার সানজেয়ার সামনে তখন শুধুই গোলরক্ষক সোহেল। সানজেয়া সহজেই ৩-২ করলে জমে ওঠে ম্যাচ। অনেকের মনেই শঙ্কাও জাগে, শেষ পর্যন্ত না ড্র করে ঢাকায় ফিরতে হয় বাংলাদেশ দলকে। তবে শেষ কয়েকটা মিনিট স্নায়ুচাপ আর থাকেনি। ৮৬ মিনিটে শ্রীলঙ্কার দুই ডিফেন্ডারের ভুল-বোঝাবুঝির সুযোগে এল চতুর্থ গোলটা। একটু সামনে এগিয়ে থাকা শ্রীলঙ্কার গোলরক্ষক রুয়ানের মাথার ওপর দিয়ে আসা বল জালে ঠেলেন শাখাওয়াত রনি। স্বস্তির নিশ্বাস ফেললেন কোচ মারুফুল।
‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ১২ জুন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।
বাংলাদেশ দল: সোহেল, নাসির উদ্দিন, ওয়ালী, নাসিরুল, জামাল, ইয়াসিন, মামুনুল, জাহিদ (হেমন্ত), সোহেল রানা (জুয়েল রানা), নাবিব নেওয়াজ (রাজু), শাখাওয়াত রনি।